ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

একাদশে ৩ পরিবর্তন নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

একাদশে ৩ পরিবর্তন নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ
×

ছবি- এএফপি (ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৪:৪৭

নারী এশিয়ান কাপের মঞ্চে আজ বাঁচামরার লড়াইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ এবং শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় হারের পর আজ নতুন উদ্যমে মাঠে নামছেন বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আগের ভুলগুলো ঝেড়ে ফেলে, সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে চান কোচ পিটার বাটলার।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার। দলের গতি ও মাঝমাঠের শক্তি বাড়াতে আজ ৪ জন ডিফেন্ডার ও ৫ জন মিডফিল্ডার নিয়ে ছক সাজিয়েছেন তিনি।

উজবেকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় চমক সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী। আগের দুটি ম্যাচে বদলি হিসেবে খেললেও আজই প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

রক্ষণভাগ ও মাঝমাঠকে আরও সুসংগঠিত করতে প্রথম ম্যাচে খেলা দুজনকে আজ একাদশে ফেরানো হয়েছে। রক্ষণভাগে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম এবং মাঝমাঠে সুযোগ পেয়েছেন উমেলাহ মারমা।

অন্যদিকে, গোলপোস্টের নিচে অভিজ্ঞ রূপনা চাকমার বদলে আজও ভরসা রাখা হয়েছে তরুণ মিলি আক্তারের ওপর। গত দুই ম্যাচে বড় ব্যবধানে হারলেও নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে রীতিমতো মুগ্ধ করেছেন মিলি। তাই টানা তৃতীয় ম্যাচেও তার ওপরই আস্থা রেখেছেন কোচ বাটলার।

বাংলাদেশ একাদশ : মিলি আক্তার (গোলরক্ষক ), আফিদা খন্দকার, শামসুন্নাহার, শিউলি আজিম, কোহাতি কিসকু, তহুরা খাতুন, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা,আনিকা, উমহেলা মারমা।

আরও পড়ুন

×