ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকেই বিরতিতে বাংলাদেশ

উজবেকিস্তানের বিপক্ষে পিছিয়ে থেকেই বিরতিতে বাংলাদেশ
×

ছবি- এএফপি (ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ১৫:৫২

এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে বাংলাদেশ। আজ শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শুরুতেই গোল হজম করে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের বাঁশি বাজার পর থেকেই দাপুটে ফুটবল খেলতে শুরু করে উজবেকিস্তান। বাংলাদেশকে চাপে রেখে বারবার রক্ষণে হানা দেয় তারা। শুরুর দিকে দারুণ পজিশনিংয়ের কারণে প্রতিপক্ষকে একবার নিশ্চিত গোলবঞ্চিত করেন গোলরক্ষক মিলি আক্তার। তবে এরপর একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে বসেন তিনি, দেখতে হয় হলুদ কার্ড।

ফল পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি উজবেকদের। একের পর এক আক্রমণের সুবাদে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় তারা। দারুণ এক দলীয় আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।

গোল হজমের পরও উজবেকদের চাপ সামলাতে হয়েছে বাংলাদেশকে। ২৩ মিনিটে দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল উজবেকিস্তান। কিন্তু মিডফিল্ডার মারিয়া মান্দার এক অসাধারণ ট্যাকেলে সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে চীনের বিপক্ষে গোলরক্ষকের দক্ষতায় অল্পের জন্য গোলবঞ্চিত হয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। এদিনও যেন সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার নেওয়া একটি অসাধারণ শট দারুণ দক্ষতায় রুখে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।

প্রথমার্ধের শেষ দিকে এসে সমতায় ফেরার দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে বক্সে ঢুকে কোহাতি কিসকুর জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা খাতুন। কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন কোহাতি। ফলে সমতায় ফেরার আক্ষেপ নিয়েই শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

আরও পড়ুন

×