ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৌম্যকে বসিয়ে রাখার কারণ জানালেন অধিনায়ক মিরাজ

সৌম্যকে বসিয়ে রাখার কারণ জানালেন অধিনায়ক মিরাজ
×

সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১২:২৮ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১২:৫৩

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তবে দলের এই সাফল্যের দিনেও একাদশে জায়গা পাননি ফর্মে থাকা সৌম্য সরকার। পুরো সিরিজেই তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। সিরিজ শেষে এবার সৌম্যকে না খেলানোর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

টানা সুযোগ দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে মিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি একজন ক্রিকেটার যেন পর্যাপ্ত সুযোগ পায়। এতে কোনো সন্দেহ নেই যে, সৌম্য সর্বশেষ সিরিজে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) দারুণ খেলেছে। কিন্তু কিছুদিন ধরে সে হয়তো কিছুটা ছন্দহীন ছিল। অন্যদিকে তানজিদ তামিম এবং সাইফ হাসান ভালো ছন্দে ছিল দেখেই আমরা সেভাবে পরিকল্পনা সাজিয়েছি। হঠাৎ করে শেষ ম্যাচে পরিবর্তন আনা কঠিন। টপ অর্ডারে খেলা দুই ব্যাটার দুটি ম্যাচ খেলে ফেলায় উইকেট ও কন্ডিশন সম্পর্কে তাদের ভালো ধারণা তৈরি হয়েছিল। তাই নতুন একজনকে নামানো সবার জন্যই কঠিন হতো।’

প্রথম দুই ম্যাচে সাইফ হাসানের ব্যর্থতার পরও সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে কেন সৌম্যকে সুযোগ দেওয়া হলো না এমন প্রশ্নেরও খোলামেলা জবাব দিয়েছেন মিরাজ। তার মতে, ‘সাইফ রান পায়নি বলে তাকে বসিয়ে সৌম্যকে নামানোটা আমাদের জন্য সহজ সিদ্ধান্তই ছিল। কিন্তু এতে দুটি ক্ষতি হতো; প্রথমত, সাইফের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকত। দ্বিতীয়ত, সৌম্য যদি এই ভীষণ চাপের ম্যাচে নেমে খারাপ করত, তবে তার জন্যও পরিস্থিতি কঠিন হয়ে যেত। আমরা চেষ্টা করছি ব্যাটারদের পর্যাপ্ত সুযোগ দিতে, যেন খারাপ খেললে সে নিজেই বুঝতে পারে যে জায়গা ছেড়ে দেওয়ার সময় হয়েছে।’

খেলোয়াড়দের বারবার পরিবর্তন না করে থিতু হওয়ার সময় দেওয়ার পক্ষে মত দিয়ে বাংলাদেশ অধিনায়ক আরও জানান, ‘আমাদের মূল লক্ষ্য হলো, কেউ সুযোগ পেলে তাকে সর্বোচ্চ সময় দেওয়া। সৌম্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগের দুই সিরিজে দলে ছিল না। কিন্তু উইন্ডিজের বিপক্ষে আমরা তাকে টানা তিনটি ম্যাচ খেলিয়েছি। তখন আবার তামিমকে খেলাইনি। কারণ ছন্দে না থাকলে একজন ব্যাটারের জন্য কাজটা অনেক কঠিন হয়।’

সামনের বিশ্বকাপের দিকে ইঙ্গিত করে মিরাজ বলেন, ‘একটি-দুটি ম্যাচ দেখেই কোনো ব্যাটারকে বিচার করা যায় না। যখন সৌম্যর আবার সুযোগ আসবে, সে নিজেকে প্রমাণের সর্বোচ্চ সুযোগ পাবে। আমরা এমন নীতিতে বিশ্বাসী নই যে এক ম্যাচ খেলিয়েই কাউকে বাদ দিয়ে দেব। সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা সেভাবেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দল গোছাচ্ছি।’

আরও পড়ুন

×