ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এভারটনের মাঠে হেরে হতাশায় চেলসি কোচ

এভারটনের মাঠে হেরে হতাশায় চেলসি কোচ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ১৫:০৪

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ লিয়াম রোজেনিওর। টানা ব্যর্থতায় ধুঁকতে থাকা দলটির এই হারকে ‘এ পর্যন্ত সবচেয়ে হতাশাজনক সন্ধ্যা’ বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

শনিবার এভারটনের মাঠে পুরো ম্যাচেই যেন নিজেদের ছায়া হয়ে ছিল ব্লুজরা। এ নিয়ে গত ১০ দিনের মধ্যে টানা চার ম্যাচে হারের তেতো স্বাদ পেল চেলসি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বিশাল হারও রয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের এপ্রিল-মে মাসের পর এটিই চেলসির সবচেয়ে বাজে সময়।

সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো দলের আক্রমণভাগ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জালের দেখাই পায়নি চেলসি, যা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম ঘটল।

দলের এমন ছন্নছাড়া অবস্থায় হতাশা লুকাতে পারেননি কোচ রোজেনিওর। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে এবং শেষ দুই ম্যাচে যেভাবে হেরেছি, তা ক্লাবের জন্য খুবই হতাশাজনক। আমার জন্যও এটা ভীষণ কষ্টের। যে অবস্থাতেই থাকি না কেন, হার সবসময়ই কষ্ট দেয়।’

মাঠে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি আরও বলেন, ‘আমরা সহজে গোল না দেওয়া এবং ম্যাচের নিয়ন্ত্রণ রাখার বিষয়ে কথা বলেছিলাম; কিন্তু মাঠে এর কিছুই করতে পারিনি। ফলাফল ও পারফরম্যান্স—কোনোটাই প্রত্যাশামতো না হওয়ায় এটি আমাদের জন্য খুব কঠিন এক সময়।’

তবে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট হারানোয় শীর্ষ চারে থাকার লড়াইয়ে এখনও আশা দেখছেন রোজেনিওর। চ্যাম্পিয়ন্স লিগের স্পট থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় দলকে সামনে এগিয়ে নেওয়ার তাগিদ তাঁর।

অন্যদিকে, ঘরের মাঠে চেলসিকে হারিয়ে উল্লাসে ভাসছে এভারটন। টানা দুটি হোম জয়ের পর বড় স্বপ্ন দেখছেন দলটির কোচ ডেভিড ময়েস। চেলসির বিপক্ষে এই ম্যাচে জোড়া গোল করেন বেটো এবং দুর্দান্ত একটি গোল আসে ইলিমান এনদিয়ায়ের পা থেকে। প্রিমিয়ার লিগের ইতিহাসে চেলসির বিপক্ষে এটিই এভারটনের সবচেয়ে বড় জয়।

এই জয়ে পয়েন্ট টেবিলে লিভারপুলের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থাকা এভারটন এখন আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার জোরালো সম্ভাবনা দেখছে।

আরও পড়ুন

×