ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খেলাকে রাজনীতির সঙ্গে মেশাতে চান না আমিনুল

খেলাকে রাজনীতির সঙ্গে মেশাতে চান না আমিনুল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ | ১৮:১৮

খেলাধুলার সঙ্গে রাজনীতিকে কোনোভাবেই মেলাতে চান না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার কেন বন্ধ রয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, খেলাধুলাকে রাজনৈতিক করা উচিত নয়। আগের সরকারের আমলে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, সেটি নিয়ে এবার নতুন করে ভাবছে বর্তমান সরকার। আমিনুল হক বলেন, ‘ঈদের ছুটির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে আইপিএল সম্প্রচার বন্ধের প্রকৃত কারণ বোঝার চেষ্টা করব। সবকিছু জেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, আমরা খেলাকে রাজনীতির সঙ্গে মেশাতে চাই না।’

আসন্ন পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক পর্যালোচনা শেষে ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি। আমিনুল হক বলেন, ‘বিসিবি যদি আমাদের নিশ্চিত করে যে সেখানে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। খেলোয়াড়দের ইচ্ছাকেও তারা (বিসিবি) গুরুত্ব দেবে। কারণ, আমরা খেলাধুলাকে নিরুৎসাহিত করতে চাই না এবং আমরা চাই সবাই নিজ নিজ জায়গা থেকে খেলা চালিয়ে যাক।’

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের জন্য ইতোমধ্যে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন ৬ বাংলাদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে আজ (সোমবার) সকালে প্রথম ধাপে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চারজন। তারা হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। দল পাওয়া অপর দুই ক্রিকেটার লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন

×