ফ্রান্সের কোচ হয়ে ফিরছেন জিদান!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৩:৩৪
ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। ইএসপিএনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফরাসিদের প্রধান কোচের দায়িত্ব নিতে মৌখিক সম্মতি দিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান।
২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশমের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপের পর। তার অধীনে দলটি ২০১৮ বিশ্বকাপ জয় করেছিল। সফল অধ্যায়ের পর দেশমের জায়গায় জিদানই ফরাসিদের প্রথম পছন্দ। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিদানকে আনলে বাণিজ্যিক ও স্পনসরশিপের দিক থেকে কতটা লাভ হবে, তা নিয়েও এফএফএফ ইতোমধ্যে হিসাব-নিকাশ শুরু করেছে।
এফএফএফ এবং জিদানের মধ্যে ইতোমধ্যে মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত চুক্তির আগে কোচিং স্টাফ গঠন ও অন্যান্য কাঠামো নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালোও এক সাক্ষাৎকারে দেশমের উত্তরসূরি হিসেবে আকার-ইঙ্গিতে জিদানের কথাই বুঝিয়েছেন।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে প্রায় পাঁচ বছর ধরে কোচিংয়ের বাইরে আছেন। রিয়ালের হয়ে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দুবার লা লিগা জয়ের অনন্য রেকর্ড রয়েছে তার। ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও অবশেষে নিজের দেশের হয়েই ডাগআউটে ফিরতে চলেছেন এই কিংবদন্তি।
- বিষয় :
- ফ্রান্স
- জিনেদিন জিদান
