ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক বছরে ‘গেম চেঞ্জার’ হামজা

এক বছরে ‘গেম চেঞ্জার’ হামজা
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৩:১০

দেখতে দেখতে এক বছর হয়ে গেল লাল-সবুজের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামার। সেদিন, গেল বছরের সেই ২৫ মার্চ শিলংয়ে অভিষেক ম্যাচে তিনি ছিলেন কেবলই একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ভারতের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য হওয়ার আক্ষেপ ছিল কোচ ক্যাবরেরার অতিমাত্রায় রক্ষণাত্মক কৌশলের কারণে। হয়তো হামজার ওপর অতটা আস্থা ছিল না তাঁর। কিন্তু হামজা নিজে বুঝেছিলেন, শুধু রক্ষণের গণ্ডিতে তিনি বন্দি হয়ে থাকলে হবে না। এরপর প্রায় প্রতিটি ম্যাচেই পুরো মাঠ চষে বেরিয়েছেন হামজা। বক্স টু বক্স মিডফিল্ডার অনেকটা হাইব্রিড ভূমিকায় খেলছেন তিনি। 

সে কারণেই বাংলাদেশের হয়ে মাত্র সাত ম্যাচ খেলেই চার-চারটি গোল করেছেন। এবং গোল করিয়েওছেন। তাঁর এই নিবেদনের কারণেই সাহস বেড়েছে বাকিদের। তাই যে বাংলাদেশ দল হামজা চৌধুরী আসার আগের বছর আট ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছিল, সেই দলটিই কিনা হামজার আগমনের পর আট ম্যাচে ১০টি গোল করেছে। পরিবর্তনের এই হাওয়ায় নিজেকে বাংলাদেশ দলের ‘গেম চেঞ্জার’ হিসেবে প্রমাণ করতে পেরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বাংলাদেশি কিং’।

আজ স্বাধীনতা দিবসে হ্যানয়ে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ ফুটবলের এই পোস্টার বয় নিজের দ্বিতীয় বর্ষ শুরু করতে যাচ্ছেন। ম্যাচটি ফিফা ফ্রেন্ডলি, কোনো পয়েন্ট কাটাছেঁড়ার হিসাব নেই। তার পরও দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে সম্মান আদায় করে নিতে চান হামজা-শমিতরা। র‍্যাঙ্কিংয়ে ১০৩ নম্বর ভিয়েতনামের সঙ্গে ১৮১ নম্বরের বাংলাদেশের ম্যাচটি যে চ্যালেঞ্জিং– তা স্বীকার করেই অধিনায়ক জামাল ভুঁইয়া আশাবাদী। ‘ম্যাচটি কঠিন হবে, সন্দেহ নেই। তবে বাংলাদেশ দল উন্নতি করছে। ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।’ গতকাল হ্যানয়ে সংবাদ সম্মলনে এভাবেই দলের আত্মবিশ্বাসের কথা জানান জামাল।

গেল ফেব্রুয়ারিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টারসিটির হয়ে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান হামজা। তবে সেই চোট থেকে সামলে উঠে আজ তিনি প্রস্তুত দেশের হয়ে মাঠে নামতে। সর্বশেষ ভারতের বিপক্ষে সেই নভেম্বরে খেলেছিলেন তিনি। তবে চোট থেকে ফেরার কারণে তাঁকে আজ সতর্কভাবে মাঠে ব্যবহার করতে পারেন কোচ ক্যাবরেরা। সাধারণত তিনি ৪-৩-৩ ছকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে মাঝেমধ্যে আক্রমণ বাড়াতে ৪-২-৩-১ এও মাঠ সাজান। আজও হামজাকে কাউন্টার অ্যাটাকের জন্য ওপরে ওঠার অনুমতি দিতে পারেন ক্যাবরেরা। দুই উইংয়ে ফয়সাল আহমেদ ফাহিম আর মুরসালিনকে রাখতে পারেন। 

ভিয়েতনামের আক্রমণ রুখতে চার ডিফেন্ডারের সামনে এক বা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখতে পারেন তিনি। রক্ষণে তপু বর্মণ ও তারিক কাজীর সঙ্গে বিশ্বনাথ ঘোষকেও দেখা যেতে পারে আজ। শমিত সোমকে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যেতে পারে। তবে গত কয়েকটি ম্যাচে তাঁকে রাইট মিডফিল্ড এবং কখনও কখনও ডিফেন্সিভ মিডফিল্ডেও দেখা গেছে। সব মিলিয়ে আজকের ম্যাচেও আকর্ষণের কেন্দ্রে থাকবেন সেই হামজা, শমিত, জায়ান, ফাহমিদুলদের মতো বংশোদ্ভূত ও প্রবাসী ফুটবলাররা।

বাংলাদেশ দলের এই শক্তির জায়গাটি মার্ক করে নিয়েছেন ভিয়েতনামের কোচ কিম সাং সিক। ‘গত বছরের তুলনায় বাংলাদেশ দল অনেক বদলে গেছে। বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। আমি হামজার ব্যাপারে জানি। আমরা তাঁর ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তাঁর শক্তি মোকাবিলা করার উপায় বের করা যায়।’ 

দল দারুণ ফর্মে আছে। গত ১৪ ম্যাচ ধরে অপরাজিত, টানা এগারোটি ম্যাচ জিতেছে তারা। দলটির অন্যতম তারকা নগুয়েন কুয়াং হাইকে সে দেশের মেসি বলা হয়। ড্রিবলিং আর গতিতে তিনি দেশের সেরা ফুটবলার। ফ্রান্সের দ্বিতীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আর দলটিতে হামজার মতো দুজন বংশোদ্ভূত খেলোয়াড়ও রয়েছেন, যাদের ঘিরে সে দেশেও উন্মাদনা তুঙ্গে। একজন রাফায়েলসন, ব্রাজিলিয়ান বংশোদ্ভূত; এই স্ট্রাইকারের ভিয়েতনামীয় নাম নগুয়েন সুয়ান সন। অন্যজন দো হুয়াংহেন, অ্যাটাকিং এই মিডফিল্ডার কিছুদিন আগেই ভিয়েতনামের নাগরিকত্ব নিয়েছেন। স্থানীয় মিডিয়ার দাবি, লড়াই হবে এই হুয়াংহেন আর হামজা চৌধুরীর মধ্যে।

আরও পড়ুন

×