বুলবুলকে ডেকেছে তদন্ত কমিটি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৩:২৭
বিসিবি ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হতে হচ্ছে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।
বিসিবির একজন পরিচালক জানান, বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাইয়াজুর রহমান মিতু ও শানিয়ান তানিমকেও ডেকেছে স্বাধীন তদন্ত কমিটি। পরিচালনা পর্ষদের বাইরে থেকে ডাকা হয়েছে সাবেক সহসভাপতি মাহাবুবুল আনাম ও কাউন্সিলর ইমরোজ আহমেদকে। বিসিবিতে চিঠি গেছে তাদের নামে।
এ ছাড়াও নির্বাচন কমিশনের তিন সদস্য– সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান মো. সিবগাত উল্লাহ ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খানকে কমিটিতে সাক্ষাৎকার দিতে বলা হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি অনিয়মের প্রমাণ হাতে নিয়ে বিসিবি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চাইবে। এনএসসির এই স্বাধীন তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই তদন্ত কমিটি গঠন করার পরই আমিনুল ইসলাম বুলবুল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনএসসিকে পরোক্ষে হুমকি দেন।
- বিষয় :
- বিসিবি
- আমিনুল ইসলাম বুলবুল
