ভিয়েতনামের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৯:০০ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ২০:৩০
হামজা চৌধুরীসহ পাঁচজন প্রবাসী ফুটবলারকে নিয়ে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে হ্যাং ডে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুটা একেবারেই সুখকর হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। একচেটিয়া আধিপত্য বিস্তার করে প্রথমার্ধেই ৩-০ গোলের বড় লিড নিয়ে বিরতিতে গেছে ভিয়েতনাম।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে প্রবল চাপ তৈরি করে স্বাগতিকরা। তাদের গতিশীল আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় বাংলাদেশের ডিফেন্ডারদের। ৮ম মিনিটে সেট পিস থেকে ম্যাচের প্রথম গোলটি আদায় করে নেয় ভিয়েতনাম। সতীর্থের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে দেন তুয়ান হাই।
১৭তম মিনিটে এনগুয়েন হোয়াংয়ের একটি ভয়ংকর ভলি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তবে এর এক মিনিট পর ১৮ মিনিটে আরেকটি সেট পিস থেকে শ্রাবণকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন দো দুই মাহন।
বিরতিতে যাওয়ার আগে ৩৮ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ান এনগুয়েইন হাই লং। বল নিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে নেওয়া নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি।
ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক ছিল পাঁচ প্রবাসী ফুটবলারের উপস্থিতি। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন শমিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী এবং ফাহমিদুল ইসলাম। তবে শক্তিশালী প্রতিপক্ষের সামনে প্রথমার্ধে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি তারা।
