ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিপাকে নাসিম শাহ

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিপাকে নাসিম শাহ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৩:৫৫ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১৪:১৮

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুম শুরু হতে না হতেই জন্ম নিয়েছে বিতর্ক। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাতিজি মরিয়ম নওয়াজকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে নাসিমকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা ভঙ্গের অভিযোগে নাসিমের কাছে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার জবাব পাওয়ার পরই পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।

বিতর্কের শুরুটা হয় পিএসএল শুরুর দিনে। গ্যালারিতে সাধারণ দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকলেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেদিন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব খেলা দেখতে যান। তাদের মধ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে ও বর্তমান মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও।

সেদিন বিশাল গাড়িবহর নিয়ে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা অবস্থায় মাঠে প্রবেশ করেন মরিয়ম। পিসিবির আপলোড করা সেই ভিডিও নিজের এক্স একাউন্টে শেয়ার করে নাসিম লিখেছিলেন, ‘তাকে (মরিয়ম) কেন লর্ডসের রানির মতো আপ্যায়ন করা হচ্ছে?’

পোস্টটি করার কয়েক মিনিটের মধ্যেই অবশ্য তা মুছে ফেলা হয়। পরে ভিন্ন আরেকটি পোস্টে নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়েছিল, যা তিনি পুনরুদ্ধার করেছেন।

কিন্তু নাসিমের এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি পিসিবি। ২৪ ঘণ্টার মধ্যেই বোর্ড জানায়, নাসিম কেন্দ্রীয় চুক্তি ও মিডিয়া নীতিমালা ভঙ্গ করেছেন। পিসিবির আচরণবিধির ধারা অনুযায়ী, বোর্ড, এর কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা বা ‘অশোভন মন্তব্য’ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নাসিমের পোস্টটিকে এই ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলেই মনে করছে বোর্ড।

পাকিস্তানে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ আচরণের জন্য ক্রিকেটারদের শাস্তির নজির নতুন নয়। গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে স্লোগান প্রদর্শন করায় অলরাউন্ডার আমির জামালকে এক মিলিয়নের বেশি পাকিস্তানি রুপি জরিমানা গুনতে হয়েছিল।

মাঠের বাইরের এসব বিতর্কের মাঝেই আজ পিএসএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামার কথা নাসিম শাহর। যেখানে তার দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ মুখোমুখি হবে পেশোয়ার জালমির।

আরও পড়ুন

×