ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাফিনহার চোটে বড় ধাক্কা বার্সেলোনার

রাফিনহার চোটে বড় ধাক্কা বার্সেলোনার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৪:৪৭ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১৫:৫১

দলের অন্যতম মূল ভরসা তিনি। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে সেই রাফিনহাই পড়লেন বড় ইনজুরিতে। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড। এই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এতে বড় ধাক্কা খেল বার্সেলোনা।

ক্তরাষ্ট্রের বোস্টনে গত ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে অস্বস্তি অনুভব করায় প্রথমার্ধের পর রাফিনহাকে আর মাঠে নামাননি সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। পরে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের করানো স্বাস্থ্য পরীক্ষায় এই তারকার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। চিকিৎসা শুরু করার জন্য এরই মধ্যে বার্সেলোনায় ফিরছেন রাফিনহা। পুরোপুরি সেরে উঠতে তার আনুমানিক পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে বলে ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে।

আগামী মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ দুই লেগের কোনোটিতেই খেলতে পারবেন না তিনি। পাশাপাশি লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চারটি ম্যাচে তাকে দর্শক হয়েই থাকতে হবে। ধারণা করা হচ্ছে, আগামী ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’ ম্যাচের আগে হয়তো মাঠে ফিরতে পারেন তিনি।

অবশ্য রাফিনহা ছিটকে গেলেও লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বর্তমানে বেশ শক্ত অবস্থানেই রয়েছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কাতালান দলটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে (৬৯ পয়েন্ট) দুইয়ে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

×