আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনও বহাল, জানাল তথ্য মন্ত্রণালয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৮:২৬ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১৮:২৭
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সকালে তথ্যমন্ত্রীর সাক্ষাৎকারের বরাত দিয়ে ‘আইপিএল সম্প্রচারে বাধা নেই’ মর্মে খবর প্রকাশিত হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে সেই খবরের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের দেওয়া সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত সংবাদটি মন্ত্রণালয়ের গোচরে এসেছে। সংবাদটির ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে মন্ত্রণালয় জানায়, ‘আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’
এর আগে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোন চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷’
ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার তাতে বাধা দেবে না জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বিষয়ে জহির উদ্দিন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোন দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব। আগের সরকারের ওই সব নির্দেশনা এখন আর বহাল নেই।’
মূলত মন্ত্রীর এমন বক্তব্যের পরই আইপিএল সম্প্রচার নিয়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। যা দূর করতেই প্রতিবাদলিপি পাঠায় মন্ত্রণালয়। এর ফলে আপাতত দেশে আইপিএল সম্প্রচারের ভাগ্য নির্ভর করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ওপর।
- বিষয় :
- আইপিএল
- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
