ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেষ ম্যাচে লক্ষ্য পূরণের আশা

শেষ ম্যাচে লক্ষ্য পূরণের আশা
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১২:০১

থাইল্যান্ড ও চীনের কাছে পরাজয়ে পয়েন্টশূন্য বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে গ্রুপ ‘এ’তে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চীন ও স্বাগতিক থাইল্যান্ড। তাই বাংলাদেশের সামনে এখন কেবল সুযোগ তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকা। তা লুফে নেওয়ার লক্ষ্যে নিজেদের শেষ ম্যাচে আজ ভিয়েতনামের মুখোমুখি হবে পিটার বাটলারের দল। ননথাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

থাইল্যান্ডের কাছে ৩-২ ও চীনের কাছে ২-০ গোলে পরাজিত বাংলাদেশ এখনও হাল ছাড়ছে না। এই মুহূর্তে তিন গ্রুপে ছয় দল কোনো পয়েন্ট পায়নি। তাদের মধ্যে এগিয়ে বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে উজবেকিস্তান (-৮), চায়নিজ তাইপের (-৭) চেয়ে গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ (-৩)। 

মঙ্গলবার ভিয়েতনামকে হারালে মিলে যেতে পারে কোয়ার্টার ফাইনালের সমীকরণ। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে খেলা বাংলাদেশ সোমবার আটঘাট বেঁধে প্রস্তুতি নিয়েছে। চীনের ম্যাচের পর এক দিনের রিকভারি শেষে অনুশীলনে ফেরা দলকে আত্মবিশ্বাসীই দেখছেন সহকারী কোচ আবুল হোসেন, ‘আগামীকাল (আজ) মেয়েরা কীভাবে খেলবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি যে, আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করব, নিজেদের সেরাটা দেওয়ার। মেয়েদের নিয়ে আমরা কোচেরা সব সময় আত্মবিশ্বাসী এবং তারাও আত্মবিশ্বাসী। কারণ, ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা দুটি ম্যাচ হেরেছি; কিন্তু তারা চেষ্টা করেছে সেরাটা দেওয়ার। আগামীকাল জিতে পরের ধাপে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের আছে। মেয়েরা উদ্বুদ্ধ যে, তারা ম্যাচটা জিতবেই। খেলোয়াড়দের মধ্যে বাড়তি কোনো চাপ নাই। আমরা বলেছি, তাদের সেরাটা দেওয়ার জন্য। শুধু এতটুকুই। জিততেই হবে– এমন কোনো বাড়তি চাপ দিচ্ছি না। বলেছি, তোমরা যদি স্বাভাবিক খেলা খেলো, সেরাটা দিয়ে খেলতে পারো, তাহলে ম্যাচে আমরা জিতব ইনশাআল্লাহ।’

প্রতিযোগিতায় এই পর্যন্ত পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে দুবার। দুটি গোলই থাইল্যান্ডের বিপক্ষে করেছিলেন সাগরিকা। সেই ম্যাচে দুই গোলে লিড নিয়েও জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। 

এখন ভিয়েতনামের বিপক্ষেও গোলের আশা ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতির, ‘আজ (সোমবার) ভালো একটা ট্রেনিং সেশন করেছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করিয়েছেন। আগের ম্যাচে চীনের বিপক্ষে যে ভুলত্রুটি হয়েছে, আজ সেগুলো ধরিয়ে দিয়েছেন। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। কোচ যেভাবে বলবেন, সেভাবেই খেলব। তো আমাদের সবার প্রত্যাশা, দেশবাসী আমাদের সমর্থন করবে আমরা যেন কালকে ভালো খেলতে পারি।’

আরও পড়ুন

×