ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোহলির সঙ্গে তুলনা করতেই রেগে গেলেন বাবর

কোহলির সঙ্গে তুলনা করতেই রেগে গেলেন বাবর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৭:৫৪

ভারত ও পাকিস্তান, দুই দেশের ব্যাটিংয়েই অন্যতম আস্থার নাম বিরাট কোহলি এবং বাবর আজম। দুজনের খেলার ধরনেও বেশ মিল রয়েছে। তাই তাদের মধ্যে তুলনাটাও চলে আসছে দীর্ঘদিন ধরে। তবে এই তুলনা মোটেও পছন্দ নয় বাবরের। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলির সঙ্গে তার ফিনিশিং সামর্থ্যের তুলনা টানাতেই রীতিমতো রেগে গেছেন পেশোয়ার জালমির অধিনায়ক।

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পিএসএলের ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৪ উইকেটে হারায় বাবরের দল পেশোয়ার জালমি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন, শটের ধরনে মিল থাকলেও কোহলি যেভাবে ধারাবাহিকভাবে ম্যাচ শেষ করে আসতে পারেন বাবর সে জায়গায় কিছুটা পিছিয়ে। এই তুলনার বিষয়ে তার মতামত কী?

এমন প্রশ্নে বেশ বিরক্ত হন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। কড়া ভাষায় তিনি বলেন, ‘চলুন, এই আলোচনা এখানেই শেষ করি। এই ধরনের চিন্তা নিজের কাছেই রাখুন। তুলনা করা বন্ধ করে সামনে এগিয়ে যান। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করে আসিনি।’

ম্যাচ ফিনিশ করা প্রসঙ্গে বাবর নিজের পরিস্থিতিগত চ্যালেঞ্জের ব্যাখ্যাও দেন। তিনি বলেন, ‘মূল বিষয় হলো কন্ডিশন বা পরিস্থিতি। দলের কী প্রয়োজন, রান রেট কত, কীভাবে খেলতে হবে এবং পিচ কেমন আচরণ করছে সেসব ভাবতে হবে।’

কঠিন সময় পার করা নিয়ে বাবর আরও বলেন, ‘মাঝে মাঝে মনে হয় বলটা সহজ, কিন্তু ঠিকমতো খেলা যায় না। শট মারা হলেও বল ফাঁকা জায়গায় যায় না। ওই মুহূর্তগুলোতে আমি নিজেকে আমার শক্তি, খেলার পরিকল্পনা এবং সেরা পদ্ধতির কথা মনে করিয়ে দিই। উন্নতি সময়ের সঙ্গে আসে। আমি অনেক ম্যাচ শেষ করেছি, আপনার মনে হতে পারে করিনি, কিন্তু আমি করেছি।’

বাবরের এমন রাগ হওয়ার দিনে অবশ্য জয় পেয়েছে তার দল পেশোয়ার জালমি। আগে ব্যাট করে কুশল পেরেরার ৫৮ রান ছাড়া বাকিদের ব্যর্থতায় ১৪৫ রানে অলআউট হয় হায়দরাবাদ কিংসমেন। জবাবে বাবরের ৪৩ রানের পাশাপাশি কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলদের ইনিংসে ভর করে ৪ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার।

আরও পড়ুন

×