সেরাদেরই পাচ্ছেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১২:০৯
আইপিএলের কারণে সেরা খেলোয়াড়দের দলে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ২০২৫ সালে বাংলাদেশ সফর করা ‘এ’ দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন আসন্ন ওয়ানডে ও টি২০ সিরিজে। কিউইরা বিকল্পদের সুযোগ দিলেও বাংলাদেশ সেই বিলাসিতা দেখাতে পারবে না। বিশেষ করে ওয়ানডে সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য থাকায় সময়ের সেরাদের নিয়েই খেলতে হবে মেহেদী হাসান মিরাজকে।
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেনকে তাই ১৩ এপ্রিল দেশে ফিরতে হচ্ছে সিরিজ খেলার জন্য। মূলত সিরিজ জয়ের লক্ষ্যে টাইগারদের এই কৌশল। এ ছাড়া কিউইদের বিপক্ষেও স্পোর্টিং উইকেটে খেলার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। এ কারণে পিএসএল থেকে ফিজদের দেশে ফেরানো।
শেষ সিরিজের দল থেকে কোনো পরিবর্তন নাও করা হতে পারে। মেডিকেল বিভাগ থেকে পর্যবেক্ষণ রিপোর্ট দিলেও তাওহীদ হৃদয় ওয়ানডে খেলতে চান। প্রধান নির্বাচক হাবিবুল বাশার হয়তো হৃদয়কে রেখেই চূড়ান্ত দল সাজিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবালের অনুমোদন পাওয়ায় আজ দুপুর ১২টায় প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হবে। বাশারের প্রথম দল ঘোষণা হবে এটি।
বিশ্বকাপের কন্ডিশন মাথায় রেখে হোম সিরিজগুলোও স্পোর্টিং উইকেটে খেলার সিদ্ধান্তে উপনীত হয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রতিপক্ষের বোলিং লাইনআপ পর্যালোচনা করে ঠিক করা হবে উইকেটে কতটা কারসাজি করা হবে। তবে মূল লক্ষ্য থাকবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের উইকেট। বৈশাখের কথা মাথায় রেখে একজন বাড়তি স্পিনার নেওয়া হলেও হতে পারে। তবে কিউইদের বিপক্ষেও যে চারজন পেসার মুস্তাফিজুর রহমান, নাহিদ ইসলাম, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম থাকছেন।
মুস্তাফিজ, শরিফুল ও নাহিদ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। পেশোয়ার জালমিতে শরিফুল ও রানা ম্যাচ ভাগাভাগি করছেন। মুস্তাফিজ লাহোর কালান্দার্সে নিয়মিত ম্যাচ ছিলেন। ৩০ বছর বয়সী এ পেসার কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পাকিস্তানে ফিরবেন পিএসএল খেলতে। স্পিন বিভাগে লেগি রিশাদ হোসেন, বাঁহাতি তানভীর ইসলামের সঙ্গে মেহেদী হাসান মিরাজ আছেন অলরাউন্ডার হিসেবে। হৃদয়ের ব্যাপারে মেডিকেল বিভাগের পর্যবেক্ষণ থাকলেও খেলোয়াড় নিজেকে ফিট দাবি করেছেন। সে ক্ষেত্রে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে ব্যাটিং লাইনআপ।
ফিল সিমন্স এ মুহূর্তে ওয়ানডে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারছেন না টেকনিক্যাল কারণে। কারণ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য হোম সিরিজগুলো টানা জিততে চায় বাংলাদেশ। এ ছাড়া আগামী দেড় বছর একই দল নিয়ে খেলে নিজেদের বোঝাপড়া ভালো করে নিতে চান মেহেদী হাসান মিরাজ। তবে ২০২৮ সালের টি২০ বিশ্বকাপ মাথায় রেখে এখন থেকেই স্কোয়াড সাজাতে শুরু করবেন লিটন কুমার দাস।
পিএসএলে লাহোর কালান্দার্সের ব্যাটার পারভেজ হোসেন ইমনের চোট ভালো না হলে বিকল্প নিতে হবে। বোলিং লাইনআপেও একাধিক পরিবর্তন করা হতে পারে। আব্দুল গাফফার সাকলাইন অথবা রিপন মণ্ডলের থেকে বেছে নেওয়া হতে পারে একজনকে। এক্ষেত্রে বিপিএলে দারুণ বোলিং করা রিপনের সুযোগ বেশি। চোটমুক্ত হওয়ায় দলে ফিরবেন পেসার তানজিম হাসান সাকিব। বাকি দুই পেসার বাঁহাতি শরিফুল ইসলাম ও ডানহাতি তাসকিন আহমেদ।
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদরা টি২০ ক্রিকেটের নিয়মিত সদস্য। ২০২৮ সালের কথা মাথায় রেখে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকেও বিবেচনায় রাখতে পারেন নির্বাচকরা।
