লাহোর কালান্দার্সে ইমনের বদলি আসালাঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৬:৪০
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে আগেই ছিটকে গেছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। এবার তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। ইমনের জায়গায় শ্রীলঙ্কার তারকা ব্যাটার চারিথ আসালাঙ্কাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।
নিলাম থেকে ৬০ লাখ রুপিতে পারভেজ ইমনকে দলে নিয়েছিল লাহোর। দেশের বাইরে এটাই ছিল তার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু লিগামেন্টের চোটের কারণে পুরো টুর্নামেন্ট খেলা হলো না তার। মুলতানের বিপক্ষে ফিল্ডিং করার সময় আসিফ আলীর সঙ্গে ধাক্কা লেগে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।
হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হয়েছিল পারভেজ ইমনের। তবে শুরুটা খুব একটা রাঙাতে পারেননি তিনি, আউট হয়েছিলেন মাত্র ১৪ রানে। পরে করাচি কিংসের বিপক্ষে চার নম্বরে নেমে করেন ১২ রান। তবে বল টেম্পারিংয়ের দায়ে ফখর জামান দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলে মুলতান সুলতান্সের বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পেয়ে যান ইমন। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন তিনি। ৫ ছক্কা ও ২ চারে মাত্র ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। কিন্তু সেই দারুণ ব্যাটিংয়ের পরই ফিল্ডিংয়ে নেমে দুর্ভাগ্যজনক চোটে পড়েন তিনি।
ইমনের ছিটকে যাওয়ায় বদলি হিসেবে আসা লঙ্কান তারকা আসালাঙ্কার জন্য এটি হতে যাচ্ছে প্রথম পিএসএল। এর আগে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয়নি তার। আগামী ১৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। জানা গেছে, সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই লঙ্কান বাঁহাতি ব্যাটার।
- বিষয় :
- পারভেজ হোসেন ইমন
- পিএসএল
- চারিথা আশালঙ্কা
