হ্যামস্ট্রিং চোটে আইপিএল শেষ চেন্নাই ওপেনার আয়ুশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৭:৩১
হ্যামস্ট্রিং চোটের কারণে আইপিএলের চলমান আসর থেকে ছিটকে গেছেন আয়ুশ মাত্রে। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
মঙ্গলবার সিএসকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ১৮ বছর বয়সী এই তরুণ ওপেনারের পুরোপুরি সুস্থ হতে অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। গত ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁ পায়ে চোট পেয়েছিলেন তিনি। সোমবার স্ক্যানের পর তা নিশ্চিত হয়।
চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছিল মাত্রের ব্যাট থেকেই। ১৭৭.৮৭ স্ট্রাইক রেটে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তার অনুপস্থিতি চেন্নাইয়ের ওপেনিংয়ে বড় শূন্যতা তৈরি করবে। এর আগে পেসার খলিল আহমেদ ও নাথান এলিসও চোটের কারণে চেন্নাই শিবির থেকে ছিটকে গেছেন।
তবে ভক্তদের জন্য কিছুটা আশার কথা হলো, অভিজ্ঞ এমএস ধোনিকে একাদশে দেখার সম্ভাবনা বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি ধোনি।
- বিষয় :
- চেন্নাই সুপার কিংস
