ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৪:১৯

দেশের ক্রীড়াঙ্গনকে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকেই আবাহনী ও মোহামেডানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ফুটবলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনক হলো, গত ১৭ বছরে এই ঐতিহ্যবাহী ক্লাবটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার সেই পথে হাঁটতে চায় না। ক্লাবগুলো যাতে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।’ তিনি আবাহনী ক্লাবের ম্যানেজমেন্ট নতুন করে সাজানোর মাধ্যমে ফুটবল ও ক্রিকেটসহ সব খেলায় ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।

ক্রীড়াঙ্গনকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘যুবসমাজকে নৈতিক অবক্ষয় এবং ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে সব ক্লাব ও সংগঠকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।’

খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ইতিমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে নিয়মিত ক্রীড়াভাতা দেওয়া হচ্ছে, যা আগামী অর্থবছরে ৫০০ জনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে আগামী ২ মে থেকে সিলেটে পরীক্ষামূলকভাবে শিক্ষা বর্ষে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মাঠে উপস্থিতির ওপরও অনেকাংশে নির্ভর করবে।

আবাহনী ক্লাব পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া এবং বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাসহ দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।

আরও পড়ুন

×