ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শামীমের ছক্কায় মুগ্ধ দর্শক

শামীমের ছক্কায় মুগ্ধ দর্শক
×

শামীম হোসেন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ১১:৩০

বছরের প্রথম টি২০ ম্যাচ ছিল এটি। লিটন কুমার দাসরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন। সেই প্রত্যাশা পূরণও হয়েছে। তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্য তাড়া করেছে ১২ বল হাতে রেখে। দেশের মাটিতে রেকর্ড গড়া এই জয়ে খুশি টাইগার অধিনায়ক। সোমবার পুরস্কার বিতরণীতে মিডল অর্ডার ব্যাটারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন লিটন। পাওয়ার প্লেতে রান করতে না পারার আক্ষেপ থাকলেও সিরিজের শুরুটা জয় দিয়ে হওয়া ভালো লক্ষণ বলে মনে করেন তিনি। 

লিটনের মতে, ‘জয় দিয়ে সিরিজ শুরু করতে পারা দারুণ ব্যাপার। সত্যিই ভালো একটি ম্যাচ ছিল। আমরা যেভাবে ব্যাট করেছি, তাতে খুশি। বিশেষ করে হৃদয় ও ইমন মিডল অর্ডারে দারুণ খেলেছে। শামীম গেম শেষ করেছে। এই মাঠে ১৮৩ রান তাড়া করা কঠিন ছিল। কারণ পরে উইকেট কিছুটা স্লো ছিল।’ গতকালের জয়ের নায়ক হৃদয় হলেও ইমন-শামীমকে পার্শ্বনায়কের সম্মান দিতেই হবে। তারা দুজন ঝোড়ো ব্যাটিং করায় দ্রুত ম্যাচ নিজেদের হাতে নেওয়া সম্ভব হয়েছে বলে জানান হৃদয়। 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই– চার-পাঁচ-ছয় এমন একটা পজিশন পঞ্চাশ হঠাৎ একদিন হবে। ছয় নম্বর থেকে কেউ ৫০ করা মানে দ্রুত চার উইকেট পড়ে যাওয়ায় দল ব্যাকফুটে। শামীম ও ইমন যেটা করেছে, ফিফটির থেকেও গুরুত্বপূর্ণ। মিডল অর্ডার এমন একটা পজিশন যেখানে মারতেও হবে, খেলা বানাতেও হবে। ইমন যখন মারতে শুরু করেছে, তখন আমার জন্য গেম সহজ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে খেলা হাতে চলে এসেছে। অবশ্যই ইমন-শামীমকে কৃতিত্ব দিতে হয়। ওরা অনেক ভালো করেছে।’

লিটন কুমার দাস আউট হওয়ার পর ইমনের জুটিতে ছিলেন হৃদয়। সেট থাকায় মেরে খেলছিলেন ইমন। ১৪ বলে ২৮ রান করেন তিনি। শেষে কালবৈশাখী ঝড় তোলেন শামীম। ১৩ বলে করেন ৩১ রান। ফিনিশিং রোলে শামীমের ব্যাটিংয়ের প্রশংসা করেন তিনি, ‘শামীমের ব্যাটিং অনেক উপভোগ করি। ও এমন এমন শটস খেলে, যেটা খুব কম ব্যাটারই খেলতে পারে। যে ছয়টা মেরেছে– এ রকম ছয় আমরা খুব কমই মারতে পারি।’ 

কিউইদের বিপক্ষে প্রথম খেলেন পেসার রিপন মণ্ডলের। তাঁর ডেথ ওভার বোলিং নিয়ে হৃদয় বলেন, ‘আমি বোলারদের সবাইকে কৃতিত্ব দিতে চাই। সবাই ভালো বল করেছে। রিপন অভিষেক ম্যাচে শেষ ওভারটা ভালো করেছে। নিয়ন্ত্রণ ছিল ওর বলে। সব বোলারকেই কৃতিত্ব দিতে চাই।’

আরও পড়ুন

×