ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারিয়ে এগিয়ে থাকলো পিএসজি

৯ গোলের থ্রিলারে বায়ার্নকে হারিয়ে এগিয়ে থাকলো পিএসজি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১২:০০

চ্যাম্পিয়ন্স লিগে তুমুল লড়াইয়ের জন্ম দিয়েছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে প্যারিসের মাঠ ৯ গোলের এক থ্রিলারের সাক্ষী হলো। যেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল আক্রমণাত্মক। ১৭ মিনিটে পাচো বক্সে লুইস দিয়াজকে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে গোল করে হ্যারি কেইন বায়ার্নকে লিড এনে দেন। তবে পিএসজি সমতায় ফিরতে সময় নেয় মাত্র ৭ মিনিট। ২৪ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে সমতা ফেরান খিচা কাভারাস্কেইয়া। ৩৩ মিনিটে নেভেসের হেডে স্বাগতিকরা লিড নিলেও ৪১ মিনিটে ওলিসের অসাধারণ গোলে আবারও সমতায় ফেরে বায়ার্ন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিএআররের মাধ্যমে আলফোন্সো ডেভিসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় পিএসজি। যেখান থেকে গোল করতে ভুল করেননি উসমান দেম্বেলে। ৩-২ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বায়ার্ন রক্ষণকে চুরমার করে দেয় পিএসজি। ৫৬ মিনিটে আশরাফ হাকিমির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভারাস্কেইয়া। এর ঠিক দুই মিনিট পর দেম্বেলেও নিজের দ্বিতীয় গোল পূর্ণ করলে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় প্যারিস।

তিন গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরার লড়াই শুরু করে বায়ার্ন। ৬৪ মিনিটে উপামেকানোর গোলে ব্যবধান ৫-৩ হয় এবং ৬৮ মিনিটে লুইস দিয়াজের দর্শনীয় শটে স্কোরলাইন ৫-৪ এ দাঁড়ায়। শেষ দিকে বায়ার্ন সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালালেও পিএসজির রক্ষণভাগ আর কোনো সুযোগ দেয়নি। এক গোলের লিড নিয়ে মিউনিখে দ্বিতীয় লেগ খেলতে যাবে পিএসজি।

আরও পড়ুন

×