বৃষ্টির শঙ্কা নিয়ে চট্টগ্রামে দ্বিতীয় টি২০ আজ
ছবি- এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১২:১৮
প্রথম টি২০ ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস ছিল। আবহাওয়ার বার্তাকে ভুল প্রমাণ করে সেদিন ছিল রোদ ঝলমলে। তাওহীদ হৃদয়-শামীম হোসেন পাটোয়ারীদের ব্যাটে ছিল রানের ঝলক। রেকর্ড রান তাড়া করে ম্যাচও জিতেছে বাংলাদেশ। সেই টাটকা স্মৃতি নিয়ে আজ বুধবার দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামার কথা লিটন কুমার দাসদের। তবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবারের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ছিল পানির নিচে। সমুদ্র তীরবর্তী সাগরিকা স্টেডিয়াম ছিল বৃষ্টি ভেজা। দেশের আবহাওয়া বিভাগের বার্তা আজ সকাল থেকে বৃষ্টি হতে পারে বন্দরনগরীতে। ৭০ থেকে ৯০ শতাংশ বর্জ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। এই বার্তা মিলে গেলে দ্বিতীয় টি২০ ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি দেখতে হতে পারে টাইগারদের। সেক্ষেত্রে লিটনদের সিরিজ জয়ের অপেক্ষা বাড়তে পারে ২ মে ঢাকায় অনুষ্ঠেয় তৃতীয় টি২০ পর্যন্ত।
চট্টগ্রামের স্টেডিয়ামটি সমুদ্রের কাছাকাছি হওয়ায় বৃষ্টির প্রভাব কম থাকে। উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ভারী বৃষ্টি হওয়ার এক-দুই ঘণ্টার মধ্যে মাঠ খেলার উপযোগী করা যায়। বাংলাদেশ দলও আশা করছে বিকালে আবহাওয়ার উন্নতি হবে এবং ম্যাচ মাঠে গড়াবে। স্বাগতিকদের খেলতে চাওয়ার কারণ হলো ক্রিকেটারদের ছন্দে পাওয়া। সোমবার অনুষ্ঠিত প্রথম ম্যাচের দিকে লক্ষ্য করলে সেটি বোঝা যায়। প্রথম দিকে পিছিয়ে পড়েও পারভেজ হোসেন ইমনদের সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয়। শুরুটা করেছিলেন লিটন। ১৫ বলে ২১ রান করে সতীর্থদের উজ্জীবিত করেন তিনি। পরে হাত খোলেন পারভেজ হোসেন ইমন। ২০০ স্ট্রাইকরেটে ১৪ বলে ২৮ রান করে আউট হন। তিনি শুধু একটি চার ও দুটি ছয় মারেননি, তাওহীদ হৃদয়কে বড় শট খেলার সাহস দিয়েছেন। শামীম হোসেনকে বার্তা দিয়েছিলেন, রুখে দাঁড়ালেই নিউজিল্যান্ডের বোলারদের তুলাধুনা করা সম্ভব হবে। হৃদয়-শামীম দুজনই সেভাবে খেলেছেন। এতে করে ১৮ ওভারে ৬ উইকেটে ম্যাচ জেতা সম্ভব হয়েছে। একই ছন্দে সিরিজের বাকি দুই ওয়ানডে খেলার পরিকল্পনা লিটনদের।
ক্রিকেটাররা গতকাল ছুটিতে ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে কেউ হোটেলের বাইরে যাননি। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের কেউ কেউ জিম-সুইমিংপুলে ছিলেন। টিম মিটিংয়ে বোলার ও ব্যাটারদের রোল বলে দেওয়া হয়েছে। টিম ম্যানেজার নাফীস ইকবাল জানান, বৃষ্টির পূর্বাভাস থাকলেও খেলার প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ে মাঠে যাবে দল। সকাল থেকে ভারী বৃষ্টি হলে ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা অনুসরণ করবেন তারা।
নিউজিল্যান্ড দলের লিয়াজোঁ কর্মকর্তা সায়েম জানান, সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য ছুটির দিনেও প্রয়োজনীয় সবকিছু করেছে কিউইরা। আজ রোদেলা দিন না হলে এই ম্যাচের একাদশ নিয়ে চিন্তাভাবনা করতে হবে উভয় দলের ম্যানেজমেন্টকে। গত ম্যাচে খেলা ব্যাটাররাই দেশের সেরা। টপঅর্ডারে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস মূল ব্যাটার। মিডল অর্ডারে ইমন, হৃদয়, শামীমরা হাত খুলে খেলতে পারেন। পূর্ণ শক্তির জাতীয় দলে প্রথম খেলতে নেমে পেসার রিপন মণ্ডল ভালো করেছেন। নিয়ন্ত্রিত বোলিং করেছেন। টিম ম্যানেজমেন্ট ও জাতীয় দল নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন টানা তিন ম্যাচেই রিপনকে খেলাবেন। সেদিক থেকে বোলিং লাইনআপ অপরিবর্তিত রাখা হতে পারে।
