সাকিবের সঙ্গে মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৭:৫৭ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ২২:৫৭
সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উঠলেই আলোচনার পালে হাওয়া লাগে। তামিমের মতে, একই বাতাসের ঝাপটা যে আরও দুই সাবেক অধিনায়কের গায়েও লাগছে সেটি যেন অনেকেই ভুলে গেছেন। এই বাস্তবতায় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। তবে তামিম আজ মনে করিয়ে দিলেন, সাকিবের মতোই একই পরিস্থিতিতে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়।
আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা গত দেড়-দুই বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে (সাকিব) কথা বলছি। কিন্তু একই পরিস্থিতিতে আছেন মাশরাফি বিন মর্তুজা, নাইমুর রহমান দুর্জয় এবং সাকিব আল হাসান। তাই শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক নয়।’ তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ রাখেন, যেন প্রশ্ন করার সময় বাকি দুই সাবেক অধিনায়কের নামও উল্লেখ করা হয়।
সাকিব কিংবা মাশরাফিদের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেছেন বোর্ড প্রধান। তামিম জানান, ‘ক্রিকেটিং যেসব বিষয়ে আমরা সাহায্য করতে পারি, সেখানে আমরা সবসময় আছি। তারা যদি তাদের সমস্যাগুলো সমাধান করে আসেন, আমরা তাদের উন্মুক্ত বাহুতে স্বাগত জানাব।’
এই সংকট নিরসনে সরকারের উচ্চ মহলের সংকেতও পেয়েছেন তামিম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে নমনীয় মনোভাব দেখানোর কথা বলা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় থেকে সাকিবের ফেরা নিয়ে নানা গুঞ্জন চললেও তা এখনো আলোর মুখ দেখেনি। তবে বর্তমান বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট যে, সমাধানের দরজা সবার জন্যই খোলা রাখা হয়েছে। তবে সেই পথে হাঁটার প্রাথমিক উদ্যোগটা নিতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়দেরই।
