ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বৃষ্টিবিঘ্নিত মিরপুরে ১০২ রানেই অলআউট বাংলাদেশ

বৃষ্টিবিঘ্নিত মিরপুরে ১০২ রানেই অলআউট বাংলাদেশ
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৪:৩৮ | আপডেট: ০২ মে ২০২৬ | ১৭:২১

বৃষ্টিবিঘ্নিত মাচে খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৫ ওভারে। কিন্তু ৪ বল বাকি থাকতেই ১০২ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। সিরিজ সমতায় ফেরাতে হলে সফরকারীদের করতে হবে ১০৩ রান।

দুপুর ২টায় খেলা শুরু হলেও মাত্র ৬.৪ ওভারের মাথায় হানা দেয় বৃষ্টি। প্রায় ঘন্টাখানেক বিরতির পর বিকেল সাড়ে ৪টায় পুনরায় শুরু হয়। তবে তখন ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার বল করার সুযোগ পান। কিন্তু বিরতির পর মাঠের কন্ডিশন আর সফরকারী বোলারদের গতির সঙ্গে পাল্লা দিতে পারেনি স্বাগতিক ব্যাটাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। সাইফ হাসানের (১৬) কল্যাণে ৩ ওভারে বিনা উইকেটে ২১ রান তোলে টাইগাররা। তবে চতুর্থ ওভারেই ধাক্কা দেন জেইডেন লেনক্স। সাইফের বিদায়ের পর পঞ্চম ওভারে শুরু বাংলাদেশ ভুগে নাথান স্মিথে। ওভারের তৃতীয় বলে তানজিদ হাসান তামিমকে (৬) বোল্ড করার পরের বলেই পারভেজ হোসেন ইমনকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে তখনই চাপে পড়ে বাংলাদেশ।

বৃষ্টির পর অধিনায়ক লিটন দাস আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন। ৩টি চার ও ১টি ছয়ে ১৭ বলে ২৬ রান করে তিনি ক্লার্কসনের শিকার হলে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায়। এক প্রান্ত আগলে রাখা তাওহিদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে যোগ্য সমর্থন পাননি। শামীম পাটোয়ারী (৩) রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়ে দিলে মিডল অর্ডার পুরোপুরি ধসে পড়ে।

ইনিংসের শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনরা রানের গতি বাড়াতে পারেননি। ১৫তম ওভারের প্রথম দুই বলে শরিফুল ও রিপন মণ্ডলকে বোল্ড করে বাংলাদেশের ইনিংস ১০২ রানে গুটিয়ে দেন বেন সিয়ার্স। নিউজিল্যান্ডের পক্ষে জশ ক্লার্কসন ৩টি, বেন সিয়ার্স ও নাথান স্মিথ ২টি করে উইকেট শিকার করেন। একটি করে পান জেইডেন লেনক্স ও ইস সোধি।

প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজকের এই ম্যাচটিই অলিখিত ফাইনাল।

দলকে বিপদে ফেলে ফিরলেন হৃদয়

ক্লার্কসনের বলে রবিনসনের দুর্দান্ত ক্যাচে ফিরলেন তাওহিদ হৃদয়। তার বিদায়ে বড় চাপে পড়ে গেল স্বাগতিকরা। ফেরার আগে ২৪ বলে ৩৩ রান করেন হৃদয়।

লিটনের পর সাজঘরে শামীম

লো ফুলটসে উড়িয়ে মারতে চেয়েছিলেন শামীম। কিন্তু ব্যাট বলে ঠিকভাবে সংযোগ না হওয়ায় ফিরতে হল তাকে। সোধির বলে জ্যাকবসের ক্যাচ হয়ে ফেরার আগে ৩ রান করেন শামীম। ক্রিজে হৃদয়ের সঙ্গী মেহেদী।

বৃষ্টির পর লিটনকে হারাল বাংলাদেশ

টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ার মাঝে হাল ধরার চেষ্টা করেছিলেন অধিনায়ক লিটন দাস। তবে তিনিও ইনিংস বড় করতে পারলেন না। ক্লার্কসনের বলে জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ২৬ রান করেন লিটন। ৪ উইকেট হারিয়ে এখন বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

বৃষ্টিতে ম‍্যাচের দৈর্ঘ‍্য নেমে এলো ১৫ ওভারে

প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি শেষে আবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বিকেল ৪ টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হয়েছে। প্রথম ইনিংস হবে ১৫ ওভারে। বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ ৬.৪ ওভার ব্যাটিং করে ৩ উইকেটে ৫০ রান তুলেছে। স্বাগতিকরা আরও ৮.২ ওভার ব্যাটিং করার সুযোগ পাবে। একজন বোলার সর্বোচ্চ ৩ ওভার করতে পারবেন। 

মাঠ প্রস্তুতের কাজ চলছে, খেলা শুরুর অপেক্ষা

ভারী বর্ষণের পর বৃষ্টি থেমেছে। মিরপুরের আকাশে ঝলমলে রোদও দেখা যাচ্ছে। তবে খেলা শুরু করার মতো পরিস্থিতি এখনও হয়নি। এরই মধ্যে সুপার সপার দিয়ে মাঠ শুকানোর কাজ চলছে। খেলা শুরুর অপেক্ষায় দুই দলের খেলোয়াড়েরা। ৪টা ১৭ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

বৃষ্টিতে খেলা বন্ধ, ৩ উইকেট নেই বাংলাদেশের

বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। ৬.৪ ওভারের পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। ইতোমধ্যে খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন। উইকেটও ঢাকা হয়েছে কাভারে। বাংলাদেশ ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। তাওহিদ হৃদয় ২ ও ২৫ রানে আছেন লিটন দাস।

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে শুরুতেই হোঁচট খেল স্বাগতিক বাংলাদেশ। নাথান স্মিথ ও অভিষিক্ত জেইডেন লেনক্সের বোলিং তোপে ৩৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।

উদ্বোধনী জুটিতে সতর্ক শুরুর পর দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। জেইডেন লেনক্সের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই মিড অফ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন সাইফ। তবে বল ব্যাটের কানায় লেগে টপ এজ হয়ে কাভার পয়েন্টে ফিল্ডার রবিনসনের হাতে ধরা পড়ে।

সাইফ হাসানের বিদায়ের পর বড় কোনো জুটি গড়তে পারেননি তানজিদ হাসান তামিমও। ১০ বলে মাত্র ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তিনি। পরের বলেই সাজঘরের পথ ধরেন পারভেজ হোসেন ইমন। শর্ট থার্ড ম্যান অঞ্চলে ইমনের সহজ ক্যাচ লুফে নেন ইশ সোধি। গোল্ডেন ডাক মেরে ইমন ফিরে গেলে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে টাইগাররা। ক্রিজে এখন অধিনায়ক লিটন দাসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়।

আরও পড়ুন

×