ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিলানে উৎসব, ইন্টারের হাতে ২১তম মুকুট

মিলানে উৎসব, ইন্টারের হাতে ২১তম মুকুট
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১২:৫৪ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৩:০২

শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। সমীকরণটা ছিল একেবারেই হাতের নাগালে। কিন্তু ঘরের মাঠ সান সিরোতে দাপুটে জয়েই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরল ইন্টার মিলান। রোববার রাতে পার্মাকে ২-০ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই সিরি 'আ' চ্যাম্পিয়ন হল সিমন ইনজাগির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই পার্মার রক্ষণভাগকে ব্যস্ত করে রাখে ইন্টার। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন মার্কাস থুরাম। ডি-বক্সের ভেতর আড়াআড়ি শটে দলকে লিড এনে দেন এই ফরাসি ফরোয়ার্ড। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। অবশেষে ৮০ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের গোলে জয় নিশ্চিত হয় ইন্টারের। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় সান সিরোর ঐতিহাসিক উল্লাস।

এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। হাতে থাকা বাকি তিন ম্যাচের সবকটিতে ইন্টার হারলে এবং নাপোলি জিতলেও শীর্ষে কোনো পরিবর্তন আসবে না। ফলে মাঠের লড়াই বাকি থাকতেই ইতালিয়ান ফুটবলের নতুন রাজা এখন ইন্টার মিলান।

সিরি 'আ'-র ইতিহাসে ৩৬টি শিরোপা নিয়ে সবার ওপরে রয়েছে জুভেন্টাস। তবে এবারের জয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে (১৯টি শিরোপা) পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় সফলতম দল হিসেবে নিজেদের অবস্থান মজবুত করল ইন্টার (২১টি)।

শিরোপা জয়ের পর ইন্টার অধিনায়ক লাওতারো মার্টিনেজ বলেন, ‘আজ আমরা সবাই আনন্দিত। তবে এই সাফল্যের পেছনের কঠোর পরিশ্রম ভুলে গেলে চলবে না। গত মৌসুমের শেষটা ছিল খুবই কঠিন। যেসব প্রতিযোগিতায় আমরা শিরোপা জিততে পারতাম, সবগুলোতে আমাদের হতাশ হতে হয়েছিল। সেখান থেকে নতুন করে শুরু করাটা সহজ ছিল না।’

শিরোপা নিশ্চিত হওয়ার পর সান সিরো মুহূর্তের মধ্যে নীল-কালো রঙে ছেয়ে যায়। একই সময়ে মিলানের বিখ্যাত দুমো দি মিলানো ক্যাথেড্রালের সামনেও জড়ো হয় ক্লাবটির হাজারো  সমর্থক। যারা নাচ-গানের মধ্য দিয়ে মেতে উঠে শিরোপা উৎসবে।

আরও পড়ুন

×