ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোথায় সেই মুম্বাই

কোথায় সেই মুম্বাই
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৩:৪৪

যে দলের ব্র্যান্ড ভ্যালু ২ হাজার ৯৪ কোটি রুপি, যে দলের ডাগআউটে মাহেলা-মালিঙ্গা-পোলার্ডদের মতো কিংবদন্তি, সেই দল কিনা ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে! হাতে থাকা পাঁচটি ম্যাচের সবকটি জিতলেও মুম্বাই ইন্ডিয়ান্সের এখন প্লে-অফ খেলার গ্যারান্টি নেই। আইপিএলে যে নীল রঙের জার্সি একসময় দাদাগিরি করেছে, পাঁচ-পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে– সেই দলটিই কিনা এবার সবার আগে বিদায় নিচ্ছে! এখন পর্যন্ত ৯টি ম্যাচের সাতটিতেই হেরেছে হার্দিক পান্ডিয়ারা। 

যে জাসপ্রিত বুমরাহকে নিয়ে ভারতীয় জাতীয় দল গর্ব করে, তিনিই কিনা মুম্বাইয়ের হয়ে এই আসরে হতাশ করেছেন। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, বুমরাহ– বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় জাতীয় দলে তারার মেলা বসিয়েও ফ্র্যাঞ্চাইজিটির মালিক নীতা আম্বানিকে নিঃস্ব মনে হচ্ছে গ্যালারিতে। কেন এমন হলো মুম্বাইয়ের? কেউ বলছেন, রোহিত শর্মার কাছ থেকে যেদিন অধিনায়কত্ব কেড়ে পান্ডিয়াকে দেওয়া হয়েছে, সেদিনই মুম্বাই তার সামাজ্র্য হারিয়েছে। আবার কারও মতে, বুমরাহর ওপর অতিমাত্রায় বোলিং নির্ভরতাই ডুবিয়েছে দলটিকে। কেউ আবার একটু পিছিয়ে গিয়ে মন্তব্য করেছেন নিলামের টেবিলে নির্দিষ্ট কিছু ক্রিকেটারের ওপর বেশি লগ্নি করে ভুল করেছেন আম্বানি।

তবে কারণ যা-ই হোক, বাস্তবতা এটাই যে আইপিএলে বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, শুভমান গিলদের নতুন প্রজন্মের কাছে হেরে যাচ্ছে মুম্বাইয়ের হার্দিক-সূর্যকুমারদের মতো একটু আগের প্রজন্মের ক্রিকেটাররা। আইপিএলে এখন চলছে তিনশর ওপর স্ট্রাইকরেট ব্যাটিংয়ের বাজার, সেখানে মুম্বাইয়ের রিকেলটন-উইল জ্যাকসরা ঠিক পেরে উঠছেন না। এই আসরে দুই শতাধিক ইনিংস খেলেছে তারা তিনটি, যার মধ্যে দুটিতেই হার।

‘আমার মনে হচ্ছে, বিশ্বকাপের ক্লান্তি আর টানা ম্যাচ খেলার একঘেয়েমি ভর করেছে মুম্বাইয়ে ভারতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে। আগে মুম্বাইয়ের যে বোলিং নিয়ে প্রতিপক্ষ চিন্তায় থাকত, সেটা আর এখন নেই।’ নিজের ইউটিউব চ্যানেলে এভাবেই মুম্বাইকে তুলে ধরেছেন অশ্বিন। 

সুনীল গাভাস্কার নিজে মারাঠি, তাই মুম্বাইয়ের প্রতি ভালোবাসাটা তাঁর একটু বেশিই। সেই তিনি এই অবস্থার জন্য দায়ী করেছেন টিম ম্যানেজমেন্টকে। ‘সূর্যকুমার বিশ্বকাপজয়ী অধিনায়ক, অথচ সেখানে মুম্বাইয়ের নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। তিনি নিজে পারফর্ম করতে পারছেন না, যা কিনা গোটা দলের ওপর প্রভাব পড়েছে।’ 

হার্দিক ১৩৬ স্ট্রাইকরেটে ৯ ম্যাচে মোট ১৪৬ রান করেছেন। তার চেয়েও অবাক করেছেন বুমরাহ, ৯ ম্যাচে তাঁর উইকেট কিনা মাত্র ৩! ওভারপ্রতি আটের ওপর রান দিয়ে যাচ্ছেন। এ দুই তারকার অফফর্মের কারণেই মুম্বাইকে এবার চেনা যাচ্ছে না।

আরও পড়ুন

×