রবিনহোর ছেলের সঙ্গে হাতাহাতি করে আলোচনায় নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৯:১০
মাঠ কিংবা মাঠের বাইরে নেইমার জুনিয়র মানেই আলোচনা। এবার ব্রাজিলের এই পোস্টার বয় আলোচনায় এসেছেন নিজের ক্লাবেরই এক তরুণ সতীর্থের ওপর চটে গিয়ে। সান্তোসের অনুশীলনে সাবেক সতীর্থ রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রের সঙ্গে নেইমারের হাতাহাতির ঘটনা ফুটবল মহলে বেশ ভাইরাল হয়েছে।
সান্তোসের অনিয়মিত একাদশের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত একটি বিশেষ অনুশীলন সেশনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, অনুশীলনের সময় দুর্দান্ত এক ড্রিবলিংয়ে নেইমারকে অনায়াসেই কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন তরুণ রবিনহো জুনিয়র। সিনিয়র খেলোয়াড় হিসেবে বিষয়টি হয়তো সহজভাবে নিতে পারেননি নেইমার। কিছুটা বিরক্ত হয়ে তিনি পা দিয়ে বাধা দিয়ে রবিনহো জুনিয়রকে ফেলে দেন।
পড়ে যাওয়ার পর রবিনহো জুনিয়র প্রতিবাদ করলে দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত কথা কাটাকাটি। পরিস্থিতি এক পর্যায়ে হাতাহাতির উপক্রম হলে দ্রুত সতীর্থরা এগিয়ে এসে দুজনকে আলাদা করেন। অবশ্য মাঠের সেই উত্তেজনা ড্রেসিংরুম পর্যন্ত গড়াতে দেননি নেইমার। বড় ভাই হিসেবে পরে নিজেই পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হন তিনি। রবিনহো জুনিয়রকে ব্যক্তিগতভাবে ফোন করে দুঃখ প্রকাশ করেন নেইমার। শুধু তাই নয়, তার পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। মূলত সাবেক সতীর্থ রবিনহোর সঙ্গে নেইমারের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হওয়ায় বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলেন তিনি।
ব্রাজিলের সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে যোগ দিয়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আটটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন মুহূর্ত ছিল, যা এরই মধ্যে মিটে গেছে।
- বিষয় :
- নেইমার জুনিয়র
- সান্তোস
