ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাকার জন্যই ফেভারিট আর্সেনাল

সাকার জন্যই ফেভারিট আর্সেনাল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৩:০১

মাদ্রিদে গত সপ্তাহে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি নেমেছিলেন বুকায়ো সাকা। চোট থেকে উঠেছিলেন বলেই সেদিন শুরু থেকে তাঁকে নামাননি আর্সেনাল বস মিকেল আর্তেতা। লন্ডনে আজ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমির ফিরতি লেগে সেই সাকাই গানারদের ভরসা। কোচ আর্তেতা বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে তাদের তুরুপের তাস সাকা। অ্যাথলেটিকোর লক্ষ্য অবশ্য ভিন্ন। বুদাপেস্টের ফাইনাল নিশ্চিত করে তারা হুলিয়ান আলভারেজকে ধরে রাখতে চান।

গত শনিবার প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে সাকার দুর্দান্ত পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে গানারদের। সেদিন নিজে গোল করার পাশাপাশি ভিক্টর ইয়োকেরেসকে দিয়ে একটি গোল করিয়েছেনও। সাকার নৈপুণ্যে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। এরপরই চ্যাম্পিয়ন্স লিগের সেমির ফিরতি লেগে তরতাজা পাওয়ার জন্য সাকাকে তুলে নিয়েছেন কোচ। ২৪ বছর বয়সী এ উইঙ্গার এই ছন্দ আজও ধরে রাখতে পারবেন বলে বিশ্বাস স্প্যানিশ কোচের। সাকা এমন খেলতে পারলে তাদের পক্ষে ডাবল (চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ) জেতা খুবই সম্ভব– আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন আর্তেতা।

সফরকারীদের চ্যালেঞ্জটা অবশ্য ভিন্ন। শিরোপা জিততে পারছেন না বলে অ্যাথলেটিকো মাদ্রিদে নাকি হাঁপিয়ে উঠেছেন আলভারেজ। স্পেনের রাজধানীতে আর মন টিকছে না তাঁর। তাই আসছে মৌসুমে নতুন কোনো ক্লাবে নাম লেখাতে চাইছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। যে দুই ক্লাবে আলভারেজ যেতে চাইছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, কাকতালীয়ভাবে তার একটি হলো তাদের আজকের প্রতিপক্ষ আর্সেনাল, অন্যটি বার্সেলোনা। কিন্তু অ্যাথলেটিকো বস দিয়াগো সিমিওনি তাঁকে যেতে দিতে নারাজ। এখানে থেকেও যে শিরোপা-স্বপ্ন পূরণ করা সম্ভব, সেটা তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতে আলভারেজকে দেখিয়ে দিতে চান। এজন্য আজ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে হারাতে হবে।
 
অ্যাথলেটিকো ছাড়ার গুঞ্জনে কিন্তু প্রথমে আলভারেজই ঘি ঢেলেছিলেন। গত মার্চে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আগামী মৌসুমে এখানে থাকবেন কিনা? তিনি জবাব দিয়েছিলেন, ‘হয়তো হ্যাঁ, হয়তো না। আমি আসলে জানি না।’ পরে পারফরম্যান্সের দিকে মনোযোগ দিলেও নিজের ভবিষ্যৎ নিয়ে ঠিকই চিন্তিত ছিলেন আলভারেজ। 

গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ার ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘আমি আসলে গুজব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। কারণ প্রতি সপ্তাহেই নতুন তথ্য আসছে। আমি এসব নিয়ে চিন্তা করে নিজের সময় ও শক্তি ক্ষয় করতে চাই না। এর বদলে আমি খেলায় পূর্ণ মনোযোগ দিতে চাই। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখন। দলের জন্য সেরাটা দিতে নিজেকে প্রস্তুত রাখতে চাই।’ 

এর ফলাফল সেমির প্রথম লেগে দেখা গেছে। পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেছেন তিনি। সিমিওনির বিশ্বাস, ফিরতি লেগেও আলভারেজ বাজিমাত করবেন। আজ অ্যাথলেটিকোর বর্ষীয়ান ফরাসি তারকা এন্টিনিও গ্রিজম্যানের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচ হতে পারে। এ মৌসুম শেষেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ওরল্যান্ডো সিটিতে যোগ দেবেন তিনি। দুই দলের সর্বশেষ পাঁচ লড়াইয়ে আর্সেনাল জিতেছে দুটি ও অ্যাথলেটিকো একটি। দুটি ম্যাচ ড্র হয়েছে।

আরও পড়ুন

×