ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্দমাক্ত মাঠে এক হালি গোলে ফাইনালে কিংস

কর্দমাক্ত মাঠে এক হালি গোলে ফাইনালে কিংস
×

ছবি- বাফুফে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৮:৩২ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৮:৩৩

টানা ভারী বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনার সবুজ গালিচা তখন কর্দমাক্ত। পিচ্ছিল মাঠে ফুটবলারদের ভারসাম্য বজায় রাখাই ছিল চ্যালেঞ্জ। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মাঝেও মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়িয়ে ব্রাদার্স ইউনিয়নকে ‘হালি’ গোলে ভাসিয়ে ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে ৪-০ ব্যবধানের বড় জয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল কিংসরা।

ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট, তখনই প্রথম আক্রমণেই সফল হয় কিংস। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের মাপা ক্রসে রাকিব হোসেনের কোনাকুনি শটে লিড নেয় বসুন্ধরা কিংস। গোল হজমের পর ১৩ মিনিটে সমতায় ফেরার সহজ সুযোগ নষ্ট করে ব্রাদার্স। গিনির ফরোয়ার্ড কেরফালা কৌয়াতে পোস্টের খুব কাছ থেকে হেড লক্ষ্যভ্রষ্ট করলে আক্ষেপে পোড়ে গোপীবাগের দলটি।

কিংসও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়েছে বারবার। ২১ মিনিটে তাদের একটি আক্রমণ রুখে দেন ব্রাদার্স গোলরক্ষক ইসহাক আকন্দ। ২৮ মিনিটে দোরিয়েলতন গোমেজের এক দর্শনীয় বাইসাইকেল কিক জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। প্রথমার্ধের বাকিটা সময় কিংসের আক্রমণ আর ব্রাদার্স গোলরক্ষক ইসহাক আকন্দের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে কিংসের গোলরক্ষক মেহেদী হাসানও ছিলেন অতন্দ্র প্রহরী। ২৪ মিনিটে পাকিস্তানি উইঙ্গার শায়েক দোস্তের ফ্রি-কিক লাফিয়ে উঠে প্রতিহত করে জাল অক্ষত রাখেন তিনি। বিরতির ঠিক আগে ৪২ মিনিটে দোরিয়েলতন গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করলে ১-০ ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।

বিরতির পর ব্রাদার্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। ম্যাচের শেষ ২০ মিনিটে যেন রুদ্রমূর্তি ধারণ করে কিংস। ৭১ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। ঠিক দুই মিনিট পর শাহরিয়ার ইমনের পাস থেকে নিজের দ্বিতীয় ও আসরে নিজের নবম গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাংলাদেশ ফুটবল লিগে এখন পর্যন্ত  সর্বোচ্চ ১৫ গোল করেছেন দোরিয়েলতন। ফেডারেশন কাপে আজকের দুই গোলসহ ৯ গোল হলো তার। ম্যাচের ৮৮ মিনিটে বদলি নামা সাব্বির হোসেন ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

১৯ মে কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল। কিংস ফাইনালে সরাসরি জায়গা পেলেও ব্রাদার্সের সামনে এখনও সুযোগ রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়ে কোয়ালিফায়ার ২-তে উঠেছে মোহামেডান। সেখানেও বৃষ্টির কারণে মাঠ খেলার প্রায় অনুপযুক্ত হয়ে পড়েছিল। আগামী মঙ্গলবার কুমিল্লায় জয়ী দলটিই ফাইনালে কিংসের মুখোমুখি হবে।

আরও পড়ুন

×