প্রথম ইনিংসে ৪০০ চায় বাংলাদেশ
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৫:০৫ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৫:০৮
টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দেশের মাটিতে খেলা ৬টি টেস্টের মধ্যে জয় এসেছিল মাত্র একটিতে। মূলত ব্যাটিং ব্যর্থতাই ছিল এই বিপর্যয়ের মূল কারণ। পরিসংখ্যান বলছে, ওই ৬ টেস্টে মাত্র একবার তিন শতাধিক রানের দেখা পেয়েছিল টাইগাররা। আসন্ন লড়াইয়ে সেই চিত্র বদলাতে মরিয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, জয়ের ভিত গড়তে প্রথম ইনিংসে বড় স্কোরের কোনো বিকল্প নেই।
অধিনায়ক হিসেবে শান্তর কথা, কন্ডিশন যেমনই হোক, ব্যাটারদের বড় দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আমরা যেন সব সময় ভালো খেলি। চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। তবে রান করার ক্ষেত্রে আমি কারও খেলার ধরন পরিবর্তন করতে চাই না। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, আবার যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার সমস্যা নেই। রান করাটাই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের বর্তমান ব্যাটিং লাইআপে অভিজ্ঞতার ঘাটতি নেই। তানজিদ হাসান তামিম ও অমিত হাসান বাদে প্রায় সবারই অন্তত ২০টি করে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও তাদের অধিকাংশ ম্যাচই ছিল বিদেশের মাটিতে। তবে শান্ত মনে করেন, মিরপুরের হোম কন্ডিশনে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর এখনই সময়। মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী অধিনায়ক বলেন, ‘সাম্প্রতিক সাদা বলের ক্রিকেটে মিরপুরের উইকেট আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আশা করা যায়, ব্যাটাররা এবার এখানে নিজেদের মেলে ধরতে পারবে।’
