ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শর্তসাপেক্ষে বিদায়ী ম্যাচ পেতে পারেন ধোনি: অশ্বিন

শর্তসাপেক্ষে বিদায়ী ম্যাচ পেতে পারেন ধোনি: অশ্বিন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৫:৩৮

মহেন্দ্র সিং ধোনি কি তবে নীরবেই বিদায় নিচ্ছেন? আইপিএলের চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের ১০টি ম্যাচ পার হয়ে গেলেও এখন পর্যন্ত একবারের জন্যও মাঠে নামেননি। শুরুতে চোটের কারণে ছিটকে গেলেও সুস্থ হওয়ার পর কেন নামছেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, ধোনির ফেরার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ। তার ফেরা নির্ভর করছে চেন্নাইয়ের প্লে-অফ ভাগ্য নির্ধারণের ওপর।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ধোনি যদি এখন দলে আসেন, তবে দলের পুরো কম্বিনেশন পরিবর্তন করতে হবে। চলমান টুর্নামেন্টে যা অত্যন্ত কঠিন। আমার মনে হয় তার ফেরার সম্ভাবনা খুবই কম।’

তবে অশ্বিন একটি সম্ভাবনার কথা বলেছেন। তার মতে, ‘চেন্নাই যদি তাদের পরবর্তী তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে যায়, তবে তারা প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। কেবল সেই পরিস্থিতিতেই ধোনিকে চিপক স্টেডিয়ামে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে।’

ধোনির মাঠে না নামার পেছনে কেবল ইনজুরি নয়, রয়েছে মানসিক এক কারণও। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, ধোনি সবসময়ই নিজেকে দলের চেয়ে বড় করে দেখতে নারাজ। হাসি বলেন, ‘ধোনি মনে করে সে মাঠে এলে ক্যামেরা এবং গ্যালারির সব মনোযোগ তার দিকে চলে যাবে। এতে তরুণ খেলোয়াড়রা চাপের মুখে পড়তে পারে। ধোনি চায় দল যেন স্রেফ নিজের পারফরম্যান্সে মনোযোগী থাকে। তার না খেলার পেছনে দলের প্রতি এই নিঃস্বার্থ ভাবনাই কাজ করছে।’

২০২৫ সালে ৪ কোটি রুপিতে চেন্নাইয়ে থেকে যাওয়া ধোনি গত মৌসুমেও ১৪ ম্যাচে ১৯৬ রান করেছিলেন। তবে এবার মাঠের বাইরে থেকেই দলের লড়াই দেখছেন তিনি। বর্তমানে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে উঠতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই তাদের।

আরও পড়ুন

×