পেস লড়াইয়ে শান্তর মন্তব্যের পাল্টা উত্তর দিলেন মাসুদ
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৬:২৪ | আপডেট: ০৭ মে ২০২৬ | ১৬:২৪
পেস বোলিং আর পাকিস্তান, ক্রিকেট ইতিহাসে এই দুটি শব্দ একে অপরের পরিপূরক। তবে সময়ের বিবর্তনে বাংলাদেশের পেস বিভাগও এখন সমীহ জাগানিয়া। মিরপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। যেখানে তিনি দাবি করেছেন পাকিস্তানের চেয়েও বাংলাদেশের পেস অ্যাটাক বর্তমান সময়ে কিছুটা এগিয়ে। সেই প্রসঙ্গের মুখোমুখি হয়ে শান মাসুদ জানালেন, তিনি কোনো তুলনা করেতে চান না, বরং নিজের দলের শক্তির ওপরই পূর্ণ আস্থা রাখছেন।
শান্ত পাকিস্তানকে সমীহ করেও নিজেদের পেসারদের এগিয়ে রাখলেও শান মাসুদ বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। তিনি বলেন, ‘তাদের শক্তি তাদের জায়গায়, আমাদের শক্তি আমাদের জায়গায়। আমরা শুধু আমাদের নিয়েই ভাবতে পারি। আমি মনে করি, আমাদের ১৬ জনের ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড আছে যারা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা তুলনায় যেতে চাই না। ওদেরও কোয়ালিটি আছে, আমাদেরও কোয়ালিটি আছে।’
তুলনায় না গেলেও বাংলাদেশের পেস বোলিংয়ের আমূল পরিবর্তনে মুগ্ধতা লুকাতে পারেননি মাসুদ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশের পেস অ্যাটাক মুগ্ধকর। তাদের বাঁহাতি ও ডানহাতি পেসারদের দারুণ স্কিল আছে। সম্ভবত এটিই আমার দেখা বাংলাদেশের ইতিহাসের সেরা পেস অ্যাটাক। আমরা এই চ্যালেঞ্জটা পছন্দ করি এবং একটি ভালো অ্যাটাকের বিরুদ্ধে খেলে রান করতে চাই।’
মিরপুরের উইকেট নিয়ে দুই দলেই কিছুটা ধোঁয়াশা থাকলেও মাসুদের মতে, পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে এর খুব একটা পার্থক্য নেই। সফরকারী অধিনায়ক মনে করেন, মাঠের বাইরের এই গতির লড়াই আদতে মাঠের ক্রিকেটকেই আরও রোমাঞ্চকর করে তুলবে। তিনি বলেন, ‘আমরা ১০ দিন সেরা ক্রিকেট খেলতে চাই এবং সিরিজ জিততে চাই। কন্ডিশন যেমনই হোক, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত।’
