পিএসএলের ফর্ম টেস্টেও বয়ে আনবেন বাবর, আশা শান মাসুদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৬:৪৮
সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রানের পাহাড় গড়েছেন বাবর আজম। সেই আত্মবিশ্বাস নিয়েই তিনি পা রেখেছেন বাংলাদেশে। শান মাসুদ মনে করেন, সাদা বলের এই সাফল্যই বাবরকে লাল বলের ক্রিকেটে বাড়তি প্রেরণা দেবে।
টেস্ট সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘বাবর আজম পাকিস্তানে জন্ম নেওয়া সেরা ব্যাটারদের একজন। তাকে রানে দেখতে পাওয়া সবসময় দারুণ ব্যাপার। রান পেলে আত্মবিশ্বাসও তুঙ্গে থাকে। সে ফর্মে আছে, রান পাচ্ছে। এটি আমাদের দলের জন্য বড় স্বস্তির। আশা করি, টেস্টেও পিএসএলের মতো বড় বড় ইনিংস খেলবে সে।’
সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে বাবরের সামর্থ্যের ওপর পূর্ণ ভরসা আছে পাক অধিনায়কের। মাসুদের ভাষায়, ‘বাবর অনেক রান করে বাংলাদেশে এসেছে। সে এমন এক খেলোয়াড় যে সব ফরম্যাটেই নিজেকে মানিয়ে নিতে পারে। মানিয়ে নেওয়ার দিক থেকে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আশা করি, সেই ফর্ম নিয়েই টেস্ট ক্রিকেটে ফিরছে সে।’
দলের বর্তমান কোচিং স্টাফ নিয়ে কথা বলতে গিয়ে শান মাসুদ জানান, দলের পরিবেশ এখন অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের মতো সাবেক তারকাদের উপস্থিতি। মাসুদ বলেন, ‘যাদের সঙ্গে আমরা খেলেছি, তারাই এখন কোচের ভূমিকায়। সরফরাজ ভাই অধিনায়ক ছিলেন, তার অধীনে আমি খেলেছি। আসাদ শফিক ভাইও যখন আমার ক্যারিয়ারের শুরু, তখন দলের অন্যতম সেরা ব্যাটার ছিলেন। আমরা তাদের খুব ভালোভাবে জানি এবং তারাও আমাদের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখেন।’
অধিনায়কের মতে, কোচদের সঙ্গে এই বোঝাপড়া খেলোয়াড়দের মানসিকভাবে চাপমুক্ত থাকতে সাহায্য করছে। এখন দেখার বিষয়, মাসুদের সেই প্রত্যাশা পূরণ করে বাবর আজম মিরপুরের উইকেটে কতটা ত্রাস ছড়াতে পারেন।
- বিষয় :
- বাবর আজম
- শান মাসুদ
- বাংলাদেশ-পাকিস্তান
