ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘জোড়াতালি দিয়ে বিপিএল নয়, ফ্র্যাঞ্চাইজি না পেলে টুর্নামেন্টই হবে না’

‘জোড়াতালি দিয়ে বিপিএল নয়, ফ্র্যাঞ্চাইজি না পেলে টুর্নামেন্টই হবে না’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ১৮:০৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অব্যবস্থাপনা, ফ্র্যাঞ্চাইজি সংকট আর পেমেন্ট জটিলতা নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের শেষ নেই। এই প্রেক্ষাপটে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাফ জানিয়ে দিলেন, ‘জোড়াতালি’ দিয়ে তিনি আর বিপিএল আয়োজন করতে চান না।

বিপিএলের ভবিষ্যৎ নিয়ে তামিম ইকবালের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, ‘আমি জোড়াতালি দিয়ে বিপিএলের মতো টুর্নামেন্ট করব না। শুধু করার জন্য বিপিএল করার চেয়ে না করাই ভালো। আমি সবসময় বিশ্বাস করি নিয়মিত বিপিএল হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসম্মত ফ্র্যাঞ্চাইজি পাওয়া। যদি যোগ্য ফ্র্যাঞ্চাইজি না মেলে, তবে বিপিএল করার প্রয়োজন নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যদি জেনেশুনে এমন কিছু করি যার কারণে বিসিবিকে ভুগতে হয়, তবে সেটা অপরাধ। ভুল হতেই পারে, কিন্তু জেনেশুনে ভুল করাটা ক্রাইম।’

অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা গত আসরের কিছু প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরেন। তিনি জানান, গতবার সিলেট ও নোয়াখালী নামের দুটি দলের সঙ্গে বিসিবির কোনো আনুষ্ঠানিক চুক্তিই ছিল না, অথচ তারা পুরো আসর খেলে ফেলেছে। এছাড়া চট্টগ্রাম রয়্যালসের আর্থিক দায়িত্ব বিসিবি নিজের কাঁধে নিয়ে বড় ভুল করেছিল বলে মন্তব্য করেন তিনি। ফাহিম সিনহা আশ্বস্ত করেন যে, সামনে এমন অব্যবস্থাপনা আর হতে দেওয়া হবে না।

বিপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের পাওনা নিশ্চিত করতে ক্রিকাটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের সঙ্গেও আলোচনা করেছে বিসিবি। ফাহিম সিনহা জানান, ক্রিকেটাররা যেন চুক্তির মারপ্যাঁচে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন, সে লক্ষ্যে বিসিবি থেকে নির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুন

×