ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোনালদোর গোলের সেঞ্চুরিতে শিরোপার পথে আল নাসর

রোনালদোর গোলের সেঞ্চুরিতে শিরোপার পথে আল নাসর
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৪:২৪

ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। বৃহস্পতিবার রাতে আল শাবাবের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। যেখানে সৌদি প্রো লিগে ১০০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের পাস থেকে আল নাসরের চতুর্থ গোলটি করেন রোনালদো। এটি ছিল সৌদি প্রো লিগে তার ১০০তম গোল। পাশাপাশি পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের ৯৭১তম গোলের নজির গড়লেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬টি গোল করে ফর্মের তুঙ্গে রয়েছেন তিনি।

রোনালদোর মাইলফলকের রাতে আলো ছড়িয়েছেন আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। গত জুলাইয়ে চেলসি ছেড়ে আসা এই ফরোয়ার্ড এদিন দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন। পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। 

আগামী মঙ্গলবার শিরোপার আরেক প্রত্যাশী ও জায়ান্ট ক্লাব আল হিলালের সঙ্গে ম্যাচ রয়েছে আল নাসরের। রিয়াদের এই প্রতিদ্বন্দ্বী ক্লাবের সঙ্গে লড়াইয়ের ফলাফলই শিরোপা নির্ধারণ করে দিতে পারে। এই মুহূর্তে ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে সৌদি লিগের টেবিলে শীর্ষ দল আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৭৭।

আরও পড়ুন

×