এইচপির স্পিন কোচ রাজ্জাক
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৫:০১ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৬:০৪
লেভেলে থ্রি কোচেস কোর্সে প্রথম হয়েছেন কিছুদিন আগেই। সনদ হাতে পাওয়ার দিনই কোচিং পেশায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সুযোগটা যে এত তাড়াতাড়ি চলে আসতে পারে ভাবতে পারেননি জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। বিসিবি হাই-পারফরম্যান্স সেন্টারের স্পিন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল রাজ্জাকের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বলে জানা গেছে।
সুযোগ সুবিধা নিয়ে দুই পক্ষের মধ্যে বনাবনি হওয়ায় দুই বছরের চুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আজ সোমবার রাজ্জাকের নিয়োগের বিষয়টি সমকালকে নিশ্চিত করেন তামিম।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিবিতে নির্বাচক হিসেবে কাজ শুরু করেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের নির্বাচক প্যানেলে। নান্নু-বাশারের চুক্তি শেষ হলে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলেও কাজ করেছেন তিনি। পরে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালক হন। খুলনা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগে বুলবুলের কমিটি বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালকের পদ হারিয়ে কোচিং পেশায় ঢোকার চেষ্টা করছিলেন রাজ্জাক। ঢাকা প্রিমিয়ার লিগের কোনো একটি ক্লাবের সঙ্গে কথাও হয়েছিল তার। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় ক্লাবের থেকেও বড় মঞ্চ পেয়ে গেছেন তিনি। সম্মানজনক বেতনে চাকরি পাচ্ছেন বিসিবিতে।
এইচপিতে রাজ্জাকের রিপোর্টিং বস হবেন মোহাম্মদ সালাউদ্দিন। একটি সূত্র জানিয়েছে, এইচপির হবু প্রধান কোচের সঙ্গে তামিম ইকবাল আলোচনা করেই রাজ্জাকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
বিসিবির চাকরিতে যোগ দেওয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ্জাক বলেন, ‘সভাপতির সঙ্গে কথা হয়েছে। এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’ তবে নিয়োগ পেলে কোচের চাকরিটা মনযোগ দিয়ে করতে চান রাজ্জাক। নির্বাচক থাকাকালেই কোচিং পেশার প্রতি আগ্রহ তৈরি হয় বলে জানান রাজ্জাক। ভবিষ্যতে জাতীয় দলের স্পিন কোচ হওয়ার স্বপ্ন এই সাবেক বাঁহাতি স্পিনারের।
২০০৪ সালে জাতীয় দলে অভিষেক রাজ্জাকের। হংকংয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেন। শেষ ওয়ানডে খেলেন ২০১৪ সালে। ১৫৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২০৭ উইকেট শিকার করেন তিনি। ৩৪ টি২০ ম্যাচ খেলে ৪৪ উইকেট আর ১৩ টেস্টে ২৮ উইকেট পেয়েছেন। প্রথম শ্রেণীতে ১৩৭ ম্যাচ খেলে ৬৩৪ উইকেট শিকার তার। লিস্ট-এ ম্যাচ খেলেছেন ২৮০টি, উইকেট ৪১২টি।
- বিষয় :
- আব্দুর রাজ্জাক
- এইচপি স্কোয়াড
- বিসিবি
