ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চা-বিরতি: শেষ সেশনে বাংলাদেশের লক্ষ্য ৭ উইকেট

চা-বিরতি: শেষ সেশনে বাংলাদেশের লক্ষ্য ৭ উইকেট
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১১:১০ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৪:৫৩

মিরপুর টেস্টের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে শেষ সেশনে। প্রথম সেশনে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় সেশনে আরও ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে বাংলাদেশ। তবে বাধা হয়ে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ ফজল ও সালমান আলী আঘা। চা-বিরতিতে যাওয়ার সময় ৩১ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১১৬। ৬৬ রানে অপরাজিত আছেন আব্দুল্লাহ ফজল। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সালমান আলী আঘা (২১*)। চতুর্থ উইকেটে এই দুজনে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন। জয়ের জন‍্য তৃতীয় ও শেষ সেশনে ৭ উইকেট চাই স্বাগতিকদের। অন্যদিকে জয়ের জন‍্য শেষ সেশনে পাকিস্তানের দরকার ১৫২ রান।

মাসুদকে দ্রুত ফেরালেন নাহিদ রানা

পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে দ্রুতই ফেরালেন নাহিদ রানা। লিটন দাসের গ্লাভসে তালুবন্দী হওয়ার আগে ২ রান করেন মাসুদ। ২০ বলের মধ্যে আজান ও মাসুদকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আগা। ফজল অন্য প্রান্তে ৪২ রানে অপরাজিত। ১৬ ওভারে ৩ উইকেটে পাকিস্তানের রান ৭২। জয়ের জন্য পাকিস্তানের চাই ১৯৬ রান, বাংলাদেশের ৭ উইকেট।

আজানকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন মিরাজ

ওয়ানডে মেজাজে রান তুলছিল পাকিস্তান। দলীয় ৫৭ রানে আজানকে বোল্ড করে আবদুল্লাহ ফজলের সঙ্গে তার প্রতিরোধ ভাঙলেন মিরাজ। ফেরার আগে ৩৩ বলে ১৫ রান করেন আজান। ১২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রানে ব্যাট করছে পাকিস্তান। জিততে এখনও ২১১ রান দরকার, হাতে আছে ৮ উইকেট।

ইমামের বিদায়ের পর আজান-ফজলের পাল্টা আক্রমণ

দ্রুত এক উইকেট হারিয়েও পথ হারায়নি পাকিস্তান। আজান আওয়াইসও আব্দুল্লাহ ফজল জুটিতে লড়ছে দলটি। ১১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন আরও ২২৪ রান। হাতে আছে ৯টি উইকেট। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য এখন এই আক্রমণাত্মক জুটি ভেঙে দ্রুত ব্রেক-থ্রু এনে দেওয়া।

জয়ের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

দ্বিতীয় ইনিংসে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই বিপাকে পড়েছে পাকিস্তান। দলীয় ৩ রানেই পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হককে আউট করেন তাসকিন। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে পাকিস্তান খেলেছে মাত্র ৪ ওভার। স্কোরবোর্ডে জমা হয়েছে ৬ রান। জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন আর ৯ উইকেট। অন্যদিকে পাকিস্তান লক্ষ্য থেকে এখনো ২৬২ রান দূরে। ক্রিজে এখন আজান আওয়াইসের সঙ্গী নতুন ব্যাটার আব্দুল্লাহ ফজল।

ছবি- এএফপি

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ড্রেসিংরুম থেকে ডিক্লেয়ারেশনের সংকেত আসে। শেষদিকে তাসকিন আহমেদ দ্রুত রান তোলার চেষ্টা করেন। ৫ বলে এক চার ও এক ছক্কায় ১১ রান করে হাসান আলীর শিকার হন তিনি। পঞ্চম দিনের সকালে ২০ ওভার খেলে ৮৮ রান তুলতেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ জয়ের জন্য পাকিস্তানের এখন প্রয়োজন ২৬৮ রান।

এর আগে দলীয় ২২৫ রানে মেহেদী হাসান মিরাজকে (২৪) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে টেস্ট ক্রিকেটে নিজের শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন নোমান। মিরাজ ফেরার দুই বল পরই তাইজুল ইসলামকে (৩) সরাসরি বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। ২৩২ রানে ৮ম উইকেট হারিয়ে তখন বেশ চাপে পড়েছিল বাংলাদেশ।

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন শান্ত

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সামনে সুযোগ ছিল টানা দুই ইনিংসে সেঞ্চুরির দারুণ এক কীর্তি গড়ার। কিন্তু ৬৮তম ওভারে নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েছিলেন শান্ত, তবে তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত ১৫০ বলে ৮৭ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে থামতে হয় তাকে। ৭টি চারে সাজানো ছিল তার এই ইনিংসটি।

শান্ত-মিরাজে লিড বাড়ছে বাংলাদেশের

রিভিউ নিয়ে একবার জীবন পেলেও তার সদ্ব্যবহার করতে পারলেন না লিটন দাস। শাহীন আফ্রিদির বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে আসে ২৮ বলে ১১ রান। তার বিদায়ে ১৯০ রানে ৫ম উইকেট হারায় বাংলাদেশ।

নাজমুল-মিরাজ জুটিতে বাংলাদেশের লিড এখন ২৩৪ রানের। নাজমুল ৮৫ রানে এবং মিরাজ ১৭ রানে অপরাজিত আছেন।

পঞ্চম দিনে বড় লক্ষ্য দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। হাসান আলীর ডেলিভারিতে অহেতুক শট খেলতে গিয়ে শান মাসুদের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে মুশফিক ৩৭ বলে ২২ রান করেন।

এর আগে ৩ উইকেটে ১৫২ রান দিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ায় ১৭৯ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয় কেবল ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করে বাংলাদেশ। ১০৫ বলে ছয় চারে ৫৮ রানে ব‍্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব‍্যাট করছেন ১৬ রানে।
 

আরও পড়ুন

×