ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘বাংলাদেশে কখনোই ভারতের জন্য হুমকি ছিল না, তারা এলে স্টেডিয়াম ভরে যায়’

‘বাংলাদেশে কখনোই ভারতের জন্য হুমকি ছিল না, তারা এলে স্টেডিয়াম ভরে যায়’
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৪:০৪ | আপডেট: ১২ মে ২০২৬ | ১৪:০৫

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। সেই সময় এই সিদ্ধান্তের বিরোধিতা করে ‘ভারতের দালাল’ তকমাও জুটেছিল তামিম ইকবালের কপালে। তবে বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল এখনো মনে করেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য ছিল এবং ভারতের মাটিতে বিশ্বকাপ বর্জন করা ছিল একটি আত্মঘাতী সিদ্ধান্ত।

‎ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় সাংবাদিক শ্রীরাম ভিরার এক প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সম্ভবত আমিই প্রথম প্রকাশ্যে কথা বলেছিলাম। বিসিবির বিগত কমিটি বিষয়টি যেভাবে সামলেছে, তা ঠিক হয়নি। আইসিসি নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল। আমাদের উচিত ছিল সেই সমাধান খুঁজে বের করা।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘আমি ১৯৯৬-৯৭ সালের কথায় ফিরতে চাই। কেনিয়ার বিপক্ষে আইসিসি ট্রফি জিতে বিশ্বকাপে জায়গা পেতে আমরা অনেক লড়াই করেছি। আমার বাড়ির চারপাশ রঙিন পানিতে ভেসে গিয়েছিল। রাস্তায় নেমে উদযাপন করেছিল মানুষ। সেই উদযাপনই শিশুদের ক্রিকেটে টেনে আনে, সবাই হতে চেয়েছিল মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ, আকরাম খান। আর আমরা সঠিক কোনো আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপে খেলা ছেড়ে দিলাম। ওই দলে এমন খেলোয়াড়ও থাকতে পারে, যারা আর কখনও বিশ্বকাপ খেলতে পারবে না। বিষয়টি আমি ভালোভাবে নিতে পারিনি।’

বাংলাদেশের সর্বশেষ বিশ্বকাপ না খেলায় পাকিস্তানের সংহতি ও টুর্নামেন্ট বয়কটের হুমকি প্রসঙ্গে তামিম বলেন, ‘এ বিষয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। আমি মূল আলোচনার অংশ ছিলাম না। তবে আমি এটুকু বলবো যাই ঘটুক না কেন, আমরা একটি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছি। আমাদের কিছু খেলোয়াড় হয়তো আর কখনও সে সুযোগ পাবে না। আমার কাছে সেটাই সবচেয়ে বড় বিষয়।’

‎আইসিসি সভাপতি প্রসঙ্গে তামিম বলেন, ‘আইসিসি চেয়ারম্যান জয় শাহের ব্যাপারে যদি বলি, বিসিবির দায়িত্ব নেবার পর এখনো তার সঙ্গে দেখা হয়নি, তবে আমি অনেক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে খেলেছি এবং তাদের কাছ থেকে তার সম্পর্কে শুধু ভালো কথাই শুনেছি।’

বিসিসিআই সভাপতি মিথুন মিনহাসের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করে তামিম বলেন, ‘মিথুনের সঙ্গে আমি অনেক খেলেছি, আমরা আইপিএলে একই দলে ছিলাম। তিনি বহুবার ঢাকায় লিগ খেলতে বাংলাদেশে এসেছেন। আমাদের খুব ভালো সম্পর্ক। বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই, বিশেষ করে ভারতীয় দলের জন্য তো কখনোই ছিল না। তারা এখানে এলে পুরো স্টেডিয়াম ভরে যায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি না বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন কোনো বাস্তব সমস্যা আছে। একটি সিরিজ আয়োজনই হতে পারে সম্পর্ক এগিয়ে নেওয়ার সেরা উপায়। মানুষ এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করে।’

আরও পড়ুন

×