ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাকিরা-ম্যাডোনাদের নিয়ে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো

শাকিরা-ম্যাডোনাদের নিয়ে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৬:০৩ | আপডেট: ১৪ মে ২০২৬ | ১৬:০৯

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো আসছে ‘হাফটাইম শো’। যেখানে একই মঞ্চে পারফর্ম করবেন পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন হার্টথ্রব শাকিরা, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে এবং দক্ষিণ কোরিয়ার গ্লোবাল সেনসেশন বিটিএস।

বুধবার রাতে ফিফা তাদের অফিসিয়াল টিজার ভিডিওর মাধ্যমে এই মেগা আয়োজনের ঘোষণা দেয়। ভিডিওতে কোল্ডপ্লের জনপ্রিয় শিল্পী ক্রিস মার্টিন ও শিশুতোষ চরিত্র ‘এলমো’-কে এই ঘোষণা দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিল মাপেট শোর জনপ্রিয় চরিত্র কেরমিট ও মিস পিগিসহ আরও বেশ কয়েকজন তারকা। টিজারে জানানো হয়, ম্যাডোনা, শাকিরা ও বিটিএস যৌথভাবে এই শোর প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন।

এটি কেবল বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না। এই শো থেকে অর্জিত সমস্ত অর্থ ব্যয় করা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই তহবিল থেকে ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফিফা।

ফুটবল ম্যাচে হাফটাইম শো-এর ধারণাটি ফিফা প্রথম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিল ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে। সেখানে দোজা ক্যাট ও জে বালভিনদের পারফরম্যান্স দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার মূল বিশ্বকাপের ফাইনালে আরও বড় পরিসরে এই শো আয়োজনের সিদ্ধান্ত নিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল। যুক্তরাষ্ট্রে এর আগে ১৯৯৪ সালে সফল বিশ্বকাপ আয়োজনের রেকর্ড রয়েছে। ১১ জুন শুরু হতে যাওয়া এই আসরটি হবে ইতিহাসের বৃহত্তম। আর এর সমাপ্তি হবে ম্যাডোনা-শাকিরাদের সুরেলা উন্মাদনায়।

আরও পড়ুন

×