মুমিনুলকে ছাড়িয়ে মুশফিকের রেকর্ডগড়া সেঞ্চুরি
ছবি- ইউসুফ আলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:৩৬ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১৬:০৮
আব্বাসকে চার মেরে ১৭৮ বলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। এটি তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। মুমিনুল হককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। চলতি সিরিজের প্রথম টেস্টে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন মুমিনুল। কিন্তু ৯১ রান করে আউট হয়ে যান বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার সেঞ্চুরি থেকে যায় ১৩টিই।
৮৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩২৫। ১৭৯ বলে ১০৪ রানে খেলছেন মুশফিক। ৩২ বলে ১১ রানে ব্যাট করছেন তাইজুল।
_1779097347.jpg)
৩৫০ ছাড়িয়ে বাংলাদেশের লিড, সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। ৮২ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের রান এখন ৩১৪। প্রথম ইনিংসের ৪৬ রানসহ স্বাগতিকদের মোট লিড এখন ৩৬০ রান। মুশফিক ৯৬ রানে সেঞ্চুরির অপেক্ষায় আছেন। অন্য প্রান্তে ৮ রানে খেলছেন তাইজুল।
_1779097541.jpg)
মুশফিকের ১৬ হাজার রান ও সেঞ্চুরির অপেক্ষা
লাঞ্চের পর লিটন ও মিরাজ বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানি বোলারদের শাসন করে যাচ্ছেন মুশফিকুর রহিম। ইনিংসের ৭৬তম ওভারে পাকিস্তানি পেসার খুররম শাহজাদকে টানা দুটি দুর্দান্ত চার মারেন তিনি। আর এই বাউন্ডারির ওপর ভর করেই আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে ১৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
মিরাজের বিদায়, তিন শ ছাড়িয়ে বাংলাদেশের লিড
ইনিংসের ৬৭.৩ ওভারে দলীয় ২৫০ রানের গণ্ডি স্পর্শ করে স্বাগতিকরা। এরপর ক্রিজে সেট হয়ে যাওয়া মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছিলেন মিরাজ। কিন্তু খুররম শাহজাদের ডেলিভারি লাইন মিস করে সরাসরি মিরাজের স্টাম্প উপড়ে দেয়। বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ১টি চারের সাহায্যে ১৯ রান করেন মিরাজ। তার বিদায়ের পর ক্রিজে নতুন ব্যাটার হিসেবে এসেছেন তাইজুল ইসলাম। অন্য প্রান্তে হাফ সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। দলীয় ২৭২ রানে মিরাজের বিদায়ের পর বাংলাদেশ এখন ৩১৮ রানের বড় লিড নিয়ে খেলছে।
লিটনের বিদায়ে ভাঙল জুটি
লাঞ্চ বিরতির পর ব্যক্তিগত হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েছিলেন ১২৩ রানের জুটি। তবে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙেছেন পাকিস্তানি পেসার হাসান আলী। তার ডেলিভারিতে শাকিলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯২ বলে ৬৯ রান করেন লিটন। ৬৪ ওভার শেষে ৫ উইকেটে ২৪১ রান। বাংলাদেশ লিড ২৮৭ রান। ক্রিজে ৫৩ রানে মুশফিক ও ২ রানে আছেন মিরাজ।
এর আগে দ্বিতীয় সেশনে খেলা শুরুর প্রথম ওভারেই ফিফটি তুলে নেন লিটন। খুররম শাহজাদকে বাউন্ডারি মেরে ৪টি চারে ৬৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। লাল বলের ক্রিকেটে এটি তার ২০তম হাফ সেঞ্চুরি। এরপর অর্ধশতক তুলে নেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। টেস্ট ক্যারিয়ারে এটি তার ৩০তম হাফ সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছাতে মুশফিক খেলেন ১০৩টি বল।

২৪৯ রানে এগিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
সকালে শান্তকে হারালেও মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ২০৩ রান তুলে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানসহ স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৯ রানে।
আজ প্রথম সেশনে মোট ২৬.২ ওভার খেলা হয়েছে। দিনের শুরুতে খুররম শাহজাদের বলে শান্ত (১৫) এলবিডব্লিউর শিকার হলে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে এরপর আর পাকিস্তানি বোলারদের কোনো সুযোগ দেননি মুশফিক ও লিটন। এই সেশনে মাত্র ১টি উইকেট হারিয়ে বোর্ডে আরও ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ। ইনিংসের ৫২.৩ ওভারে দলীয় ২০০ রানের মাইলফলক স্পর্শ করে স্বাগতিকরা।
২০০ ছাড়াল বাংলাদেশের লিড
সকালের শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শান্তর দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে দুইশ ছাড়াল বাংলাদেশের লিড।
৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান। এর ফলে পাকিস্তানের প্রথম ইনিংসের রান বাদ দিয়ে বাংলাদেশের লিড এখন দাঁড়িয়েছে ২১৬ রানে। মুশফিক ২১ এবং লিটন ৩৪ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন।
মুশফিক-লিটনের দায়িত্বশীল জুটি
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসের শতকধারী লিটন দাস। অন্য প্রান্তে সকাল থেকে উইকেটে অবিচল থাকা মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পাকিস্তানি বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটার।
শান্তকে ফেরালেন খুররম
সকালের সেশনে শুরুটা স্বস্তিদায়ক হয়নি স্বাগতিকদের জন্য। দিনের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরতে হয় সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে। পাকিস্তানি পেসার খুররম শাহজাদের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার অধিনায়ক। ৪৬ বলে ১৫ রান করে শান্ত বিদায় নিলে ১১৫ রানে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- টেস্ট সিরিজ
