ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বার্সার রেকর্ডের রাতে লেভান্ডোভস্কির আবেগঘন বিদায়

বার্সার রেকর্ডের রাতে লেভান্ডোভস্কির আবেগঘন বিদায়
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১৩:০৩

লা লিগায় ঘরের মাঠে শতভাগ জয়ের ইতিহাস গড়েছে বার্সেলোনা। এই ম্যাচেই ক্যাম্প ন্যু-কে বিদায় জানালেন পোলিশ মহাতারকা রবার্ট লেভান্ডোভস্কি। রিয়াল বেতিসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে কাতালান ক্লাবটির জার্সিতে নিজের শেষ হোম ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচের ৮৫ মিনিটে বদলি হওয়ার সময় হাজারো সমর্থকের করতালিতে আবেগ ধরে রাখতে পারেননি এই 'গোলমেশিন'।

ম্যাচ শেষে বার্সার সমর্থকদের উদ্দেশ্যে লেভান্ডোভস্কি বলেন, ‘এই ক্লাবের হয়ে খেলতে পারাটা আমার জন্য অনেক বড় সম্মানের। গত চার বছরে আমরা দারুণ কিছু মুহূর্ত পার করেছি। আমি এই স্টেডিয়ামকে বিদায় জানাচ্ছি ঠিকই, তবে বার্সেলোনাকে চিরকাল আমার হৃদয়ে বহন করব। একবার যে বার্সা, সে চিরকালের জন্যই বার্সা।’

স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৩৮ ম্যাচের পুরো মৌসুমে সবকটি হোম ম্যাচ জেতার অনন্য কীর্তি গড়ল বার্সেলোনা। এর আগে ১৯৮৪-৮৫ মৌসুমে রিয়াল মাদ্রিদ ৩৪ ম্যাচের লিগে ঘরের মাঠে সব ম্যাচ জিতলেও, ৩৮ ম্যাচের পুরো সংস্করণে এমন শতভাগ জয়ের রেকর্ড এবারই প্রথম দেখল স্প্যানিশ ফুটবল।

২০২২ সালে চরম আর্থিক সংকট ও লিওনেল মেসির বিদায়ের ধাক্কায় দিকভ্রান্ত বার্সার হাল ধরেছিলেন লেভা। গত চার বছরে দলকে ৩টি লা লিগাসহ মোট ৭টি ট্রফি জিতিয়েছেন তিনি। বার্সার হয়ে ১৯২ ম্যাচে তার গোলসংখ্যা ১৯৯টি। বিদায়ী ম্যাচে সতীর্থদের সম্মানে অধিনায়কের আর্মব্যান্ড পরে নামা লেভাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন কোচ হান্সি ফ্লিক। প্রিয় শিষ্য ও বন্ধুকে ধন্যবাদ জানিয়ে ফ্লিক বলেন, ‘সে একাধারে একজন অসাধারণ মানুষ এবং বিশ্বমানের খেলোয়াড়। আমরা সবাই তাঁকে খুব মিস করব।’

আলাভেজের কাছে হারের ধাক্কা সামলে এই ম্যাচে চেনা ছন্দে ফেরে বার্সা। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। হেক্টর বেলেরিনের এক ভুল পাস ধরে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন এই উইঙ্গার। তবে এর কিছুক্ষণ পরেই ম্যাচে ফেরে বেতিস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইসকোকে বার্সার ডি-বক্সের ভেতর গাভি ফাউল করলে পেনাল্টি পায় বেতিস। সফল স্পট কিকে ব্যবধান ২-১ করেন ইসকো নিজেই।

ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেও বার্সেলোনার জার্সিতে লেভান্ডোভস্কির চূড়ান্ত বিদায় এখনই হচ্ছে না। আগামী শনিবার লা লিগার শেষ ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি।

আরও পড়ুন

×