নিজেকে এখন ব্যাটার মনে হয় তাইজুলের
তৃতীয় দিনের খেলা শেষে প্রেস ব্রিফিং এ তাইজুল ইসলাম। ছবি-সমকাল
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২২:৩৯
টেস্ট ক্রিকেটে অনেক জুটিতেই কঠিন সময়ের সঙ্গী হয়েছেন তাইজুল ইসলাম। তাকে সঙ্গী করে অনেক তারকা ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে এই সিলেট টেস্টেই তো লিটন কুমার দাস আর মুশফিকুর রহিমকে সেঞ্চুরি পেতে ভূমিকা রেখেছেন। দুই ইনিংসের দুটি জুটিতে দলের সংগ্রহ বড় হয়েছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অবদান রাখতে পেরে খুশি বাঁহাতি এই স্পিনার।
সোমবার তৃতীয় দিনের খেলা শেষে দলীয় প্রতিনিধি তাইজুল ইসলাম বলেন, ‘আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি আসলে আমার স্কিল কতখানি ভালো জানি না। তবে আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে যে আমি পারব। আমি চেষ্টা করি ব্যাটসম্যানকে সাপোর্ট দিয়ে জুটি কতটা বাড়ানো যায়। অনেকদিন ধরে খেলছি, এই সময়ে এসে যদি ২০, ৩০, ৪০ রান দলকে না দিতে পারি তবে এটা একটা বড় ব্যর্থতা।’
লিটনের সঙ্গে ৬০ আর মুশফিকের সঙ্গে ৭৭ রানের জুটিতে ছিলেন তাইজুল। এটা টেল এন্ডারদের ব্যাটিং সক্ষমতা প্রমাণ করে। তাইজুলের মতে, ‘আপনি দেখবেন যে হয়তো বা কিছু কিছু জায়গায় ঘটতি ছিল বিগত দিনে। হয়তোবা নিচের ব্যাটারদের কাছ থেকে রান আসে নাই। বাট এখন আপনি দেখবেন যে অনেকেই এটা নিয়ে অনেক একাগ্র। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রাও এদিকে খুব আগ্রহী যে আমরা যাতে কিছুটা অবদান রাখতে পারি। এটা দলের জন্য লাভ এবং ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড়ের জন্যও লাভ যে আমি বোলিংয়ের পাশাপাশি ২০ বা ৩০টা রান করতে পারছি। এটা অবশ্যই একটা বড় সুবিধা।’
মুশফিকের সঙ্গে জুটি গড়াকে সার্থকতা হিসেবে দেখেন দেশসেরা বাঁহাতি এই স্পিনার। তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খুবই ইতিবাচক একটা দিক। কারণ আপনি যখন একটা সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে ড্রেসিং শেয়ার করবেন, তার যে অভিজ্ঞতা বলেন বা সে যখন রান করে উইকেটে থাকে, তার জুটিতে থেকে রান করাটা সহজ হয়ে যায়। আমি যখন ব্যাটিং করছিলাম তখন আমাকে অনেক তথ্য দিয়েছেন মুশফিক ভাই।’ আর তাইজুল নিজেকে এখন একজন ব্যাটারও মনে করেন।
- বিষয় :
- প্রেস ব্রিফিং
- তাইজুল ইসলাম
