আড়াই বছর পর নেইমারের প্রত্যাবর্তনে কাঁদলেন বাবা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৩:০৩
মন্টেভিডিওর সেই অভিশপ্ত রাতের পর দীর্ঘ আড়াই বছরের যন্ত্রণা, মাঠের বাইরের সমালোচনা আর অন্তহীন অপেক্ষা। অবশেষে সব প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ হেক্সা মিশনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। গতকাল আনচেলত্তি যখন নেইমারের নাম উচ্চারণ করেন, তখন রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’র পুরো মিলনায়তন উল্লাসে ফেটে পড়ে। ছেলের এই রাজকীয় প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন নেইমারের বাবা।
ছেলের দীর্ঘ লড়াইকে স্মরণ করে নেইমারের বাবা লিখেছেন, ‘বাবা, ইনজুরির পর থেকে যে ব্যথা ও সংশয় আমাদের তাড়া করে বেরিয়েছে, সেটা নিয়ে আমি লিখতে পারতাম। এই পুরোটা সময়ে নীরব থেকে আমাদের যা পড়তে ও শুনতে হয়েছে, সেটাও স্মরণ করতে পারতাম। কিন্তু আজ খুশির দিন।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনের মধ্যে কেবল একটি ব্যাপারই খেলা করছে, সেটা হলো তুমি যেখানেই গিয়েছ, সেখানেই তোমার নাম ধরে শিশুরা আনন্দে চিৎকার করেছে। এই মুহূর্তটার জন্য কত দীর্ঘ অপেক্ষা আর কঠোর পরিশ্রম করেছ, আমরা সেটা জানি। এই যাত্রায় সব যন্ত্রণা, সংশয় ও নীরবতা সঙ্গে ছিল। কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করেছেন। অভিনন্দন বাবা, আরেকটি বিশ্বকাপের জন্য আমি তোমার সঙ্গে থাকব।’
ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯টি আন্তর্জাতিক গোল করা নেইমার শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেদিনই বাঁ হাঁটুর এসিএল ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকতে হয়েছে তাকে। আনচেলত্তি সেলেসাওদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দলে ডাক পেলেন তিনি।
- বিষয় :
- নেইমার জুনিয়র
- নেইমার
- ব্রাজিল
- বিশ্বকাপ ফুটবল
