তাইজুলের জোড়া শিকারে শেষ বিকেলে স্বস্তি বাংলাদেশের
ছবি- ইউসুফ আলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৭:২৪ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৭:৫৪
সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত জুটিতে একপর্যায়ে রেকর্ড গড়ে ম্যাচ জেতার স্বপ্ন দেখছিল পাকিস্তান। তবে শেষ বিকেলের রোমাঞ্চে তাইজুলের জোড়া আঘাতে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। দলীয় ২৯৬ রানে সালমানকে বোল্ড করে ১৩৪ রানের জুটি ভাঙ্গেন তাইজুল। পরের ওভারে তাইজুল ফিরিয়ে দেন হাসান আলীকেও। রানের খাতাই খুলতে পারেননি হাসান। শেষ বিকেলে এমন জোড়া শিকারে টাইগারের ড্রেসিংরুমে স্বস্তি ফিরিয়ে এনেছেন এই অভিজ্ঞ স্পিনার।
ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশের এখন প্রয়োজন আর মাত্র ৩টি উইকেট। অন্যদিকে রেকর্ড ৪৩৭ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ৩১৬ রান তোলা পাকিস্তানের এখনো চাই ১২১ রান। শেষ দিন সাজিদ খানকে নিয়ে লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামবেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান ৭৫ রানে এবং সাজিদ ৮ রানে অপরাজিত আছেন।

এর আগে ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় কাঁপছিল, তখন প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। চা-বিরতি থেকে ফিরে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘোরান এই দুই ব্যাটার। রিজওয়ান ৮৬ বলে তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন। তার দেখাদেখি দারুণ খেলতে থাকা সালমান আলী আগাও ওয়ানডে স্টাইলে মাত্র ৭৪ বলে ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এই দুজনের জোড়া ফিফটি ও শতরানের জুটিতে চড়ে পাকিস্তান ম্যাচ জয়ের অসম্ভব স্বপ্ন দেখতে শুরু করেছিল।
এর আগে সোমবার তৃতীয় দিনের কিছু সময় বাকি থাকতে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৯০ রানে। তবে প্রথম ইনিংসের ৪৬ রানের লিড মিলিয়ে তাদের পুঁজি দাঁড়ায় ৪৩৬ রান। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৪৩৭ রান।
প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ায় জিতে ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড গড়েছিল। অ্যান্টিগায় ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রান তাড়ায় ক্যারিবীয়দের জয় ৩ উইকেটে। এ ছাড়া আরও তিনবার চারশ’র বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড রয়েছে। তবে বাবর-রিজওয়ানদের জিততে হলে গড়তে হবে নতুন বিশ্বরেকর্ড।
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- টেস্ট সিরিজ
