ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ
×

ছবি- ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৪:০০ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৪:৫৯

সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে  সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এলো আরও এক সুখবর। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

মঙ্গলবার সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের পরপরই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন এই হালনাগাদ অনুযায়ী, নবম স্থান থেকে দুই ধাপ লাফ দিয়ে সরাসরি সাত নম্বরে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ও সেরা র‍্যাঙ্কিং। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ আট নম্বরে উঠেছিল বাংলাদেশ দল।

এই সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭, যা সিরিজ শেষে ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ। অন্যদিকে পাকিস্তানের দুই ধাপ অবনতি হয়েছে। ৮৯ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা শান মাসুদের দল ১৪ পয়েন্ট হারিয়ে ৭৫ রেটিং নিয়ে টেবিলের ছয় থেকে নেমে গেছে আটে।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে অস্ট্রেলিয়া (১৩১ পয়েন্ট)। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১১৯), তৃতীয় স্থানে ভারত (১০৪), চতুর্থ স্থানে ইংল্যান্ড (১০২) এবং পঞ্চম স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড (১০১)। ৮৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে ছয়ে উঠে গেছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ নেমে এখন ৬৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে। র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা জিম্বাবুয়ের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। অন্যদিকে, নূন্যতম ৮টি টেস্ট না খেলায় আফগানিস্তান ও আয়ারল্যান্ড আইসিসির এই র‍্যাঙ্কিং তালিকার বাইরে রয়েছে।

আরও পড়ুন

×