ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হ্যাটট্রিক শিরোপার মিশনে ভারতের পথে ঋতুপর্ণারা

হ্যাটট্রিক শিরোপার মিশনে ভারতের পথে ঋতুপর্ণারা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৪:২৬ | আপডেট: ২১ মে ২০২৬ | ১৪:৩২

সাফ চ্যাম্পিয়নশিপ এ টানা তৃতীয়বারের মতো ট্রফি জয়ের মিশন নিয়ে ভারতের পথে রওনা হয়েছেন বাংলাদেশের মেয়েরা। আগামী সোমবার ভারতের গোয়ায় পর্দা উঠছে সাফের এই জমজমাট আসরের। ২০২২ ও ২০২৪ সালের ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার মাঠে নামবে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে।

টুর্নামেন্টকে সামনে রেখে থাইল্যান্ডের ‘এলপাইন ট্রেনিং সেন্টারে’ ক্যাম্প শেষ করেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। দুই সপ্তাহের সফল প্রস্তুতি ক্যাম্প শেষে আজ (২১ মে) সকালে ব্যাংকক থেকে সরাসরি গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ঋতুপর্ণা-রূপনারা।

গোয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় ঋতুপর্ণা চাকমা বলেন, ‘আমরা এখানে দুই সপ্তাহ তীব্র গরম ও কড়া রোদের মধ্যে কঠোর অনুশীলন করেছি। দলের সবাই এখন পুরোপুরি প্রস্তুত। সাফ চ্যাম্পিয়নশিপে আমরা নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য শিরোপা ধরে রাখা। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই দল দুর্দান্ত অবস্থায় আছে। এখানে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, সেগুলো মূল টুর্নামেন্টে আমাদের অনেক সাহায্য করবে।’

দেশবাসীর সমর্থন ও দোয়া চেয়ে এই উইঙ্গার বলেন, ‘দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আপনারা যেভাবে সবসময় আমাদের সমর্থন দিয়ে আসছেন, আগামী দিনেও যেন একইভাবে পাশে থাকেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাদের মাঠে বাড়তি অনুপ্রাণিত করে। আমরা চেষ্টা করব, যেন দেশবাসীকে আরেকটি ট্রফি উপহার দিয়ে খুশি করতে পারি।’

আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের গ্রুপ পর্বের মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ৩১ মে হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল আসরের আগে ব্যাংককের এই ক্যাম্প থেকে দল অনেক কিছু শিখতে পেরেছে বলে মনে করেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার।

বাফুফেকে ধন্যবাদ জানিয়ে বাটলার বলেন, ‘বাফুফের কর্মকর্তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। তাদের আন্তরিক প্রচেষ্টাতেই আমরা থাইল্যান্ডে এই চমৎকার প্রস্তুতি ক্যাম্প করার সুযোগ পেয়েছি। এই ক্যাম্পটি দলের জন্য ছিল এক ঝলক তাজা বাতাসের মতো। এখানে যেমন অনেক ইতিবাচক দিক পাওয়া গেছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও চোখে পড়েছে। তবে বাস্তবতা হলো, ভালো দিকের চেয়ে ভুল বা খারাপ দিক থেকেই শেখার সুযোগ বেশি থাকে। সব মিলিয়ে ক্যাম্পটি দারুণ হয়েছে।’

আরও পড়ুন

×