ডুলির অধীনে ক্যাম্পে যোগ দেবেন হামজা-শমিতরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ১৪:১০ | আপডেট: ২২ মে ২০২৬ | ১৪:১৮
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কিংবদন্তি টমাস ডুলি। আজ শুক্রবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। কোচ হিসেবে চুক্তি সম্পন্ন করে ৬৫ বছর বয়সী এই হাইপ্রোফাইল ট্যাকটিশিয়ান আজ সকালেই ঢাকায় পা রেখেছেন।
জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৪ মে থেকে নতুন কোচের অধীনে ক্যাম্প শুরু করবে জামাল ভূঁইয়ারা। সেই ক্যাম্পে থাকছেন হামজা, শমিতের মতো প্রবাসীরা। ক্যাম্পে যোগ দিতে ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলাম গতকাল ঢাকায় এসেছেন। ৫ জুন সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ দল।
অতীতে ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলেছে বাংলাদেশ ফুটবল দল। তবে ইউরোপের মাটিতে এই প্রথম ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলবে লাল-সবুজের দলটি। ঐতিহাসিক এই ম্যাচটি নতুন কোচের অধীনে খেলবে বাংলাদেশ। আর সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক সদস্যের দলটি নির্বাচন করেছেন সহকারী কোচের দায়িত্ব পালন করা সাবেক ফুটবলার হাসান আল মামুন। তিনি ৩২ জনের যে প্রাথমিক দল তৈরি করেছেন, নতুন কোচ এসে তাদের নিয়ে নেমে পড়বেন মাঠের প্রস্তুতিতে।
এই তালিকায় দলের প্রধান তারকা হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে আছেন কানাডাপ্রবাসী শমিত সোম, ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান আহমেদ। ভুটানের লিগে খেলতে যাওয়া তারিক ও রায়হান কাজীও আছেন হাসান আল মামুনের ৩২ জনের দলে।
বাংলাদেশের প্রাথমিক দল: আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন ও মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মো. রিদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, কাজেম কিরমানি, রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল ফাহিম, মিরাজুল ইসলাম, মনজুরুর রহমান মানিক, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহীম।
- বিষয় :
- থমাস ডুলি
- বাংলাদেশ ফুটবল
- হামজা চৌধুরী
- শমিত সোম
