রাজার মুখে বিশ্বকাপের দল ঘোষণা নরওয়ের
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৪:০১
মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে। আর্সেনালের হয়ে সদ্য প্রিমিয়ার লিগজয়ী এ তারকার সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড। দলে একমাত্র চমক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া গোলরক্ষক সান্ডার টাংভিক।
২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দেশটির স্কোয়াড ঘোষণায় ব্যতিক্রম ছিল নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের অংশগ্রহণ। সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বিশ্বকাপ দল ঘোষণা করেন তিনি। নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড বাছাইয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল গোলরক্ষক পজিশন নিয়ে।
এসকে বার্নের গোলরক্ষক ম্যাথিয়াস ডায়নগেল্যান্ড চোটে পড়ায় এবং বোদো/গ্লিমেটের গোলরক্ষক নিকিতা হাইকিনের নাগরিকত্ব পরিবর্তন করে নরওয়ের হয়ে খেলার অনুমতি ফিফা না দেওয়ায় এ জটিলতা তৈরি হয়। নিকিতা হাইকিন রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে মাঠে নেমেছিলেন। এতেই কপাল খুলে যায় ২৩ বছর বয়সী টাংভিকের।
নরওয়েকে এবারের বিশ্বকাপের অন্যতম চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপে এসেছেন হালান্ড-ওডেগার্ডরা। আট ম্যাচের সবগুলোতেই জিতেছিলেন তারা। এই আট ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৭টি। যেখানে ম্যানসিটি স্ট্রাইকার হালান্ডের গোল ১৬টি। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- নরওয়ে
- আরলিং হ্যালন্ড
