ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ আজ

গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ আজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১২:৩৪

প্রিমিয়ার লিগের উত্তেজনা সপ্তাহখানেক আগেই শেষ হয়ে গেছে। গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ম্যানচেস্টার সিটি ড্র করায় শিরোপা নিশ্চিত হয়ে যায় আর্সেনালের। তাই ২২ বছর পর জেতা শিরোপা উদযাপন করতেই আজ তারা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নামবে। আর্সেনাল শিরোপা নিশ্চিত করে ফেলায় ম্যানসিটির জন্য শেষ রাউন্ড নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। তবে এ ম্যাচে পেপ গার্দিওলা শেষবারের মতো সিটির ডাগ আউটে দাঁড়াবেন। একইভাবে মোহামেদ সালাহ লিভারপুলের হয়ে আজ শেষবারের মতো মাঠে নামবেন।

অ্যানফিল্ড আজ সালাহর বিদায়ী ম্যাচটি লিভারপুলের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে জিততে হবে আর্নে স্লটের শিষ্যদের। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। লিভারপুল বর্তমানে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। যদি আজ তারা হেরে যায়, তাহলে বোর্নমাউথের সুযোগ চলে আসবে। অবশ্য বোর্নমাউথের জন্য সমীকরণ মেলানোটা বেশ কঠিন। লিভারপুলের হারের পাশাপাশি নটিংহাম ফরেস্টের বিপক্ষে তাদের ৬ গোলের ব্যবধানে জিততে হবে। লিভারপুল অবশ্য জিতেই এই শঙ্কা দূর করতে চায়। আর বিদায়ী ম্যাচের আগে লিভারপুলের প্রতি আবেগের ঝাঁপি খুলে দিয়েছেন সালাহ। 

ক্লাব প্রযোজিত ভিডিও চিত্র ‘সালাহ: ফেয়ারওয়েল টু দ্য কিং’-এ তিনি বলেন, ‘এই ক্লাব আমার কাছে সবকিছু, এর মানুষগুলোও। এই শহরও আমার অনেক আপন। আমি সবসময় এই ক্লাবকে ভালোবাসব এবং সমর্থন দেব।’ 

হ্যামস্ট্রিংয়ের চোটে তিন সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন সালাহ। আজ তিনি নামবেন বলে ইঙ্গিত দিয়েছেন আর্নে স্লট। ৯ বছর লিভারপুলে কাটিয়ে চলতি মৌসুম শেষে বিদায় নেবেন সালাহ। জয় দিয়েই আজ কিংবদন্তিকে বিদায় জানাতে চায় লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে আজ বিদায় নিচ্ছেন সিটি বস পেপ গার্দিওলা। সিটিতে এক দশকের অভিযাত্রার ইতি টানছেন বিশ্বের অন্যতম সেরা এ কোচ। এ সময়ের মধ্যে তিনি সিটিকে ২০টি ট্রফি জিতিয়েছেন। যেখানে আছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ। আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষবারের মতো সিটির কোচের দায়িত্ব পালন করবেন তিনি। সিটির কোচ হিসেবে দায়িত্ব পালনের এই সময়টাকে নিজের জীবনের সেরা অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন গার্দিওলা। এরই মধ্যে তাঁর উত্তরসূরি হিসেবে সাবেক চেলসি কোচ এনজো মারেস্কাকে পাকা করে ফেলেছে সিটি।

আরও পড়ুন

×