ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামালদের ইউরোপ রোমাঞ্চ

জামালদের ইউরোপ রোমাঞ্চ
×

ছবি- বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১২:০৯

অতীতে ইউরোপের দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথমবার ইউরোপে গিয়ে কোনো দেশের মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচটি খেলবেন হামজা চৌধুরী-শমিত সোমরা। সেই ম্যাচ সামনে রেখে নতুন কোচ থমাস ডুলির অধীনে গতকাল প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। কিংস অ্যারেনায় অনুশীলনে নামার আগে টিম হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন ইউরোপে খেলার রোমাঞ্চের কথা, ‘প্রত্যাশা অবশ্যই অনেক বড়। প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলব। তাই অনুভূতিটাও একটু আলাদা। কারণ ওখানকার আবহাওয়া এশিয়া থেকে পুরোপুরি ভিন্ন। সেই আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার পথ খুঁজে নিতে হবে। এই ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত।’

২০১৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে টানা খেলছেন জামাল। অভিজ্ঞতায় দলের অন্যদের ছাড়িয়ে যাওয়া এই ফুটবলার এখন ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। পুরো ৯০ মিনিট একই তীব্রতায় খেলা তাঁর জন্য আগের মতো সহজ নয়। তার পরও সাবেক কোচ হ্যাভিয়ের কাবরেরা তাঁকে দলে রেখেছিলেন এবং নেতৃত্বের দায়িত্বও দিয়েছিলেন। তবে শেষ দিকে খেলার সুযোগ কমে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন জামাল। নতুন কোচের অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণের আশায় আছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার, ‘নতুন কোচের অধীনে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। যিনি আগে ছিলেন, তিনি আসলে আমাকে পছন্দ করতেন না। এটা সবাই জানেন। তাই আশা করি, নতুন কোচের অধীনে নতুন শক্তি নিয়ে নতুনভাবে শুরু হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

এই প্রস্তুতি ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে রাখা হয়েছে। এর মধ্যে সোমবার যোগ দিয়েছেন ১৬ জন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দেবেন আজ। এই প্রসঙ্গে দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘আজ (সোমবার) ১৬ জনকে নিয়ে আমরা শুরু করছি। বসুন্ধরার খেলোয়াড়রা কাল (মঙ্গলবার) যোগ দেবে। হামজা, শমিত সোম ও জায়ান সরাসরি যোগ দেবে। আমরা তারেক কাজীকে নিয়েও কাজ করছি। তার ২৯ মে আসার কথা রয়েছে। যদি সে ২৯ মে না আসে, তাহলে ভুটান থেকে কীভাবে তাকে সান মারিনো নেওয়া যায়, সেটার চেষ্টায় আছি।’

কয়েক দিন আগে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলা থুমাস ডুলিকে। গতকাল সোমবার দল ঘোষণার পর বিকেলে অনুশীলন করান তিনি। দায়িত্ব নেওয়ার পর নিজের পছন্দ অনুযায়ী সহাকারীও পেয়েছেন ডুলি। এরই মধ্যে তাঁর ইতালিয়ান বংশোদ্ভূত সহকারী কোচ মার্কো ব্রুনোও ক্যাম্পে যোগ দিয়েছেন।

আরও পড়ুন

×