ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইতিহাস ভুলে বাস্তবতায় চোখ শিউলির

ইতিহাস ভুলে বাস্তবতায় চোখ শিউলির
×

শিউলি আজিম। ছবি- ভিডিও থেকে নেওয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:১০

সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশন সামনে রেখে আজ সকালেও অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, আজ সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুশীলন করেছে মারিয়া মান্ডার দল। অনুশীলন শেষে কথা বলেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম। শিরোপা ধরে রাখার বাড়তি চাপ এবং টুর্নামেন্টের বাস্তব চিত্র নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

টানা দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও, অতীত সাফল্য মাথায় নিয়ে বাড়তি চাপ নিতে চান না শিউলি আজিম। টুর্নামেন্টের কঠিন সমীকরণ ও বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন, ‘ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা আগে কী ছিলাম, সেটা এখন আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টের যদি একদম ভেতরের বাস্তবতা বলি, তবে এবার ট্রফি জেতার ক্ষেত্রে ‘হট ফেভারিট’ হচ্ছে নেপাল ও ভারত। এই দুই দল। আমরা নিজেদের এবার হট ফেভারিট ধরছি না। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার জন্য মাঠে আমাদের যা যা করা দরকার, আমরা তার সর্বোচ্চটাই করব।’

গতকালের উদ্বোধনী ম্যাচে ভারতের বিধ্বংসী রূপ দেখেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা। এ প্রসঙ্গে শিউলি জানান, ‘ভারত এবার অবশ্যই অনেক বেশি ভালো এবং গোছানো একটা দল। তারা তাদের প্রথম ম্যাচটা খুব দুর্দান্তভাবে শেষ করেছে। তবে আমাদের লক্ষ্য থাকবে আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে আমাদের নিজেদের প্রথম ম্যাচটা যেন আমরা ভালোভাবে জিতে শেষ করতে পারি।’

সাফে আসার আগে বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল। সেখানকার আবহাওয়ার সঙ্গে গোয়ার মিল রয়েছে জানিয়ে এই ডিফেন্ডার বলেন, ‘থাইল্যান্ডে আমরা যে গরম ও আর্দ্র আবহাওয়ায় প্র্যাকটিস করেছিলাম, গোয়ার ওয়েদারও প্রায় একই রকম। তাই আমাদের মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না, এই কয়দিনের প্র্যাকটিস বেশ ভালোই হয়েছে।’

তবে থাইল্যান্ডের তুলনায় ভারতের অনুশীলন ভেন্যুর সুযোগ-সুবিধা কিছুটা কম বলে মনে করেন তিনি। ভেন্যুর তফাত নিয়ে শিউলি বলেন, ‘থাইল্যান্ডের ফ্যাসিলিটি এখানকার চেয়ে একটু বেশি ভালো ছিল। এখানকার মাঠের সাইজ ও মান ওটার চাইতে কিছুটা খারাপ। তবে এটা কোনো বড় সমস্যা নয়, আমরা মাঠের কন্ডিশনের সঙ্গে দ্রুতই মানিয়ে নিচ্ছি।’

আরও পড়ুন

×